কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর বাড়ি থেকেই ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরু করল সিবিআই
দি নিউজ লায়নঃ ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরু করে দিল সিবিআই। সোমবার সকালে কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পরিবারের সদস্যদের একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গেছে।
ভোটের ফল ঘোষণার রাতেই খুন হয়েছিলেন তরুণ অভিজিৎ। তিন বার তাঁর দেহের ময়নাতদন্তও হয়েছিল। শেষে বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে অভিজিতের ডিএনএ টেস্টের নির্দেশও দেয় কলকাতা হাই কোর্ট। ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরু করে প্রথমেই তাঁর বাড়িতেই এলেন সিবিআই অফিসাররা।
প্রসঙ্গত, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর কাছে ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার ঘটনার যাবতীয় তথ্য চেয়েছে সিবিআই। খুন, ধর্ষণ, গণধর্ষণের কটা অভিযোগ জমা পড়েছে, তার কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাতে বলা হয়েছে। মানবাধিকার কমিশনের রিপোর্টের সঙ্গে সেগুলি মিলিয়ে দেখতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
একই সঙ্গে সল্টলেকের সিজিও কমপ্লেক্স বা নিজাম প্যালেস থেকে এই মামলার তদন্ত প্রক্রিয়া চালাতে রাজি নয় সিবিআই। এ জন্য পোর্ট ট্রাস্টের অফিসকেই অস্থায়ী বেস ক্যাম্প বানাতে চায় তারা।

Post a Comment