বাংলাদেশকে ৩০টি লাইফ সেভিং অ্যাম্বুলেন্স পাঠাল ভারত
দি নিউজ লায়নঃ বাংলাদেশকে ৩০টি জীবনদায়ক বা লাইফ সেভিং অ্যাম্বুলেন্স পাঠাল ভারত। করোনার আবহে বাংলাদেশকে ধাপে ধাপে মোট ১১০টি অ্যাম্বুলেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। শনিবার (৭ আগস্ট) সকালে প্রথম পর্যায়ে ৩০টি শীতাতপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন জীবনদায়ক অ্যম্বুলেন্স সড়ক পথে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। গত মার্চে ঢাকা সফরকালে সঙ্কটময় মুহূর্তে রোগী পারাপার করার জন্য বাংলাদেশকে অ্যাম্বুলেন্স সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কোভিড-১৯ টিকাকরণ পর্ব শুরু হওয়ার পর প্রতিবেশী বাংলাদেশকে টিকাও পাঠিয়েছিলেন মোদি। অন্যদিকে গত মাসেই বাংলাদেশের করোনা আবহের মধ্যেই অক্সিজেন পাঠিয়েছিল ভারত। এরপর এবার অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ালো ভারত। অগ্রাধিকারের ভিত্তিতে ওই অ্যাম্বুলেন্স যাতে দ্রুত পেট্রাপোল স্থলবন্দরে পৌঁছায় এবং সমস্ত আনুষ্ঠানিকতা শেষে তা বাংলাদেশে পাঠানোর লক্ষ্যে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের তরফে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মহকুমা শাসককে চিঠিও লেখা হয়েছিল।
এ ব্যাপারে শনিবার সকালে পেট্রাপোল স্থল বন্দর ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন’এর সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান ‘ভারত ঔষুধ, অক্সিজেন দিয়ে প্রতিবেশীকে সহায়তা করেছে। নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি মতো ৩০টি অ্যম্বুলেন্স পাঠানো হলো। আমরা আশাবাদী দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও গভীর হবে। কোনো প্রকার বিলম্ব না করেই যে তৎপরতার সাথে বাংলাদেশকে এই অ্যাম্বুলেন্স পাঠানো হলো, তাতে আমরা খুশি।

Post a Comment