কোয়ারেন্টিন শেষে আজ থেকে মাঠের অনুশীলন শুরু করেছে মাহমুদউল্লাহর দল
দি নিউজ লায়নঃ একদিন বাদে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফর থেকে ফিরে গত তিন দিন রুম কোয়ারেন্টিন শেষে আজ রোববার থেকে মাঠের অনুশীলন শুরু করেছে মাহমুদউল্লাহর দল। বিকেল ৪টা থেকে অনুশীলন শুরু করবেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারেরা। পাঁচ ম্যাচের সিরিজকে সামনে রেখে আজ রোববার ও আগামীকাল সোমবার চলবে দুদলের অনুশীলন।
৩ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যাটে-বলের লড়াই। আজ সকাল ১০টায় মিরপুর শেরে বাংলায় মাহমুদউল্লাহর নেতৃত্বে ১৭ জনের স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু করেছে স্বাগতিকেরা। অনুশীলনের আগে করোনা টেস্টে নেগেটিভ এসেছেন ক্রিকেটার ও দুদলের সাপোর্ট স্টাফরা। তাই আগের সময় অনুযায়ী সব ঠিকঠাক হচ্ছে। অনুশীলনের ফাঁকে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড় এই সিরিজে নেই ঠিকই।
কিন্তু, কিছুদিন আগে আমরা জিম্বাবুয়ে একটা ভালো সফর কাটিয়েছি। আশা করছি ওই সফরের আত্মবিশ্বাস এই সিরিজে কাজে লাগবে।’ একই সঙ্গে এই সিরিজটি তরুণদের জন্য বড় সুযোগ বলেও মনে করেন বাংলাদেশ কোচ, ‘মুশফিকদের মতো খেলোয়াড় না থাকটা আমাদের জন্য বড় হতাশার। কিন্তু এটাও ঠিক তাঁর না থাকাটা তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা সুযোগ। তরুণেরা নিজেদের প্রমাণ করার জন্য ভালো একটা সুযোগ পাবে।’

Post a Comment