গ্যাস লিকের আতঙ্ক এবার বালিতে - The News Lion

গ্যাস লিকের আতঙ্ক এবার বালিতে

 


দি নিউজ লায়নঃ শুক্রবার বর্ধমানের তেলিপুকুরের কাছে জাতীয় সড়কের উপর ট্যাঙ্কার থেকে গ্যাস লিকের ঘটনার রেশ কাটতে না কাটতেই একই দিন রাতে গ্যাস লিক করে আতঙ্ক ছড়িয়ে পড়লো হাওড়ার বালিতে। শুক্রবার রাতে আচমকাই বালির নিবেদিতা সেতু ও বিবেকান্দ সেতুর নিচে থেকে তীব্র গ্যাসের গন্ধ বের হতে থাকলে বিওএসি গ্রাউন্ডের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বালি থানা ও বালি দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসেন দমকল কর্মীরা।


 জানা গেছে, ব্রিজের নিচে ওই জমিতে বহুদিন থেকেই একটি বন্ধ ঘরে রয়েছে অধুনা বিলুপ্ত এক গ্যাস এজেন্সির ভালভ রুম। তালাবন্ধ ঘরটি খুলতেই জানা যায় বহু পুরনো ওই ভালভ থেকেই কোনওভাবে বেরচ্ছিল রান্নার এলপিজি গ্যাসের তীব্র গন্ধ। দমকল কর্মীদের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেওয়া হয় গ্যাসের ভালভ। কিন্তু তারপরও ওই ঘরের কাছাকাছি এলাকায় গ্যাসের গন্ধ ছড়াতে থাকায় ওই গ্যাস বিতরণ সংস্থার কর্মীদের ডেকে পাঠানো হয়। 


খবর পেয়ে বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় নিজে সেখানে পৌঁছে যান। ওই গ্যাস বিতরণ সংস্থার কর্মীরাও সেখানে ছুটে আসেন।ভবিষ্যতে যাতে এমন কিছু আর না হয় তার জন্য সংস্থাকে ব্যবস্থা নিতে বলা হয়। এমনকি, সতর্ক করে দেওয়া হয়। যদিও গ্যাস এজেন্সি সংস্থার তরফে দাবি করা হয় ওই পাইপে কোনও গ্যাস নেই। তাদের কোম্পানিও বন্ধ হয়ে গেছে প্রায় ২ বছর আগেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.