হাওড়ায় বাইক খাটে তুলে প্রতীকী শবযাত্রা করল তৃণমূল
দি নিউজ লায়ন; হাওড়াতেও পেট্রোলের দাম সেঞ্চুরি করেছে। সেই পরিস্থিতিতে আমজনতার সাধের ব্যক্তিগত পরিবহন মোটরবাইকও মারা গেছে পেট্রোলের দামের চাপে। সেই 'মৃত' বাইকের শেষকৃত্যের আয়োজন করল তৃণমূল। বাইককে খাটে তুলে, তার শবযাত্রা করে প্রতীকী প্রতিবাদ দেখাল তৃণমূল। পাশাপাশি প্রধানমন্ত্রীর কুশপুতুলও পোড়ানো হলো।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির কারণে শনিবার সকালে হাওড়ার ১১৭নম্বর জাতীয় সড়ক কোনা এক্সপ্রেসওয়ের ক্যারি রোডের কাছে একটি পেট্রল পাম্পে মৃত বাইকের অন্তেষ্টিক্রিয়া ও প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানোর মধ্যে দিয়ে প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদে শামিল ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায় ও দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক নন্দিতা চৌধুরী। শনি ও রবিবার দুই দিন ধরেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের বিক্ষোভ চলবে।
উল্লেখ্য, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আজ শনিবার ও আগামীকাল রবিবার প্রতিটি বিধানসভা কেন্দ্র ব্যাপী বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়েছে তৃণমূল। এই ইস্যুতে শনিবার সকালে হাওড়ায় শিবপুর বড়ো ঘড়ির মোড়েও এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয় তৃণমূল। ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। এছাড়াও তৃণমূল নেতা সৃষ্টিধর ঘোষ, সুশোভন চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করেন অরূপ রায়। তিনি বলেন, যেভাবে লাগামছাড়া মূল্যবৃদ্ধি হচ্ছে, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বেড়ে যাচ্ছে তাতে মানুষের হেঁসেলে আগুন ধরেছে। এরই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি বিধানসভা অনুযায়ী অবস্থান-বিক্ষোভ হচ্ছে। ১০ এবং ১১ জুলাই এই দু'দিন সারাদিন ধরে চলবে এই আন্দোলন।
এই অপদার্থ, বিক্রি করে দেওয়া সরকার, যে দেশটাকে বিক্রি করে দিতে চলেছে, বাংলা থেকে ভারতবর্ষ থেকে কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিক্রি করে দেওয়া হচ্ছে, বেসরকারিকরণ করা হচ্ছে, রেল, কলকাতা টেলিফোন সহ একাধিক রাষ্ট্রায়াত্ব সংস্থাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চলছে। এই সরকারের প্রধানমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ এবং এই সরকারকে বরখাস্ত করার দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা দেশ জুড়ে আগামী দিনে শুরু হবে। তাকে সামনে রেখেই এই কর্মসূচি। যে সরকার মানুষের স্বার্থ বোঝে না যে সরকার মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে সেই সরকারের আর দরকার নেই ভারতবর্ষের মাটিতে।
Post a Comment