লোকসভা ভোটে ১০০ টিও সিট পাবে না মোদী, ভবিষ্যতবাণী জ্যোতিপ্রিয়র
দি নিউজ লায়ন; ২০২৪ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদী ১০০ টি সিটও পাবে না। আমি আজ এই ভবিষ্যতবাণী করে গেলাম। রবিবার উত্তর ২৪ পরগণা জেলার হাবড়ায় তৃণমূল ছাত্র পরিষদের এক রক্তদান শিবিরে অংশ নিয়ে এভাবে জোরের সঙ্গে রাজনৈতিক ভবিষ্যতবাণী করলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন বিজেপি হলো গুন্ডা, সন্ত্রাসবাদী ও রাহাজানিদের দল। ভোটে জিততে না পেরে প্রতিদিন কোথাও না কোথাও আমাদের কর্মী সমর্থকদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে।
আমাদের পার্টি অফিসে বোমাবাজি করছে। মানুষ আজ সবই দেখতে পাচ্ছেন। বিজেপির মন্ত্রী সাংসদ কারা হয়েছেন দেখছেন না? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী যিনি হয়েছেন তাঁর নামে রয়েছে ফৌজদারি মামলা। বিজেপির লজ্জা থাকা দরকার। বিজেপির উচিত এখন মুখে কালো কাপড় বেঁধে লজ্জা দিবস পালন করা। জ্যোতিপ্রিয় এদিন দাবি করেন, বেশিদিন টিকবে না বিজেপি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ যেভাবে বিজেপিকে বিদায় জানিয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও দেশের মানুষ ওইভাবে বিজেপিকে বিদায় জানাবে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই বিজেপি দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মনে রাখবেন সমাজে যতো ভালো কাজ তা তৃণমূল কংগ্রেসই করে। ২০২৪ সালের লোকসভা ভোটের লক্ষ্যে আমাদের লড়াই শুরু হয়ে গিয়েছে। একুশের নির্বাচনের নিরিখে আমরা বাংলায় ৪২ টি লোকসভা আসনের মধ্যে ৩২ টি আসনে জয়ী হয়ে রয়েছি।
আগামী দুই বছরে আমাদের লক্ষ্য হবে বাকি ১০ টি আসনে আমাদের জয় সুনিশ্চিত করা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল ৪২ টি আসনের ৪২ টিতেই জয়ী হবে। লোকসভা বিজেপিকে বাংলায় ৪২-০ শূণ্য করে দিয়ে নাকানি চোবানি খাওয়াবো। তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিল্লি যাওয়া প্রসঙ্গে বলেন, তিনি কেন, কী কারনে দিল্লি গিয়েছেন তা বলতে পারবো না। সেটা তাদের দলীয় আভ্যন্তরীণ ব্যাপার।

Post a Comment