৪টি পৃথক দুর্ঘটনায় মৃত ৪
দি নিউজ লায়ন; শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত ৪টি পৃথক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হল। প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার রাতে শ্যামপুর থানার মোল্লার মোড়ে। জানা গেছে শনিবার রাত১০ টা নাগাদ উলুবেড়িয়া নোনার বাসিন্দা পেশায় ব্যবসায়ী বাবাই দাস (৪০) বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে মোল্লার মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ওই বাইক আরোহী কে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রবিবার সকালে ১৬ নং জাতীয় সড়কে অঙ্কুরহাটি মোড়ের কাছে। জানা গেছে এদিন সকাল ১১ টা নাগাদ হাওড়ার মৌখালির বাসিন্দা শেখ নিয়ামত আলী (৫০) বাইক চালিয়ে উলুবেড়িয়ার দিকে আসার সময় অঙ্কুরহাটি মোড়ের কাছে পিছন দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ি বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনায় প্রাইভেট গাড়ির দুই আরোহী আহত হয়েছে। তৃতীয় দুর্ঘটনাটি ঘটে রবিবার সকাল ১১ টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে একটি রেসিং বাইক নিয়ে দুই বাইক আরোহী বালি অভিমুখে যাওয়ার সময় পাকুরিয়া ব্রিজের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী গাডির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় এক বাইক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃত বাইক আরোহীর পরিচয় জানা যায়নি।
চতুর্থ দুর্ঘটনাটি ঘটে রবিবার বিকেলে উদয়নারায়নপুর বাসস্ট্যান্ডে। জানা গেছে এরিন বিকেল ৩ টে নাগাদ প্রতাপ পুরের বাসিন্দা অপূর্ব পাড়ুই (৪৭) সাইকেল চালিয়ে উদয়নারায়নপুর বাসস্ট্যান্ডের দিকে আসার সময় পিছন দিক থেকে একটি লরি তার সাইকেলে ধাক্কা মারলে লরির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অপূর্ব পাড়ুই এর। উদয়নারায়নপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘাতক লরিটিকে আটক করেছে।

Post a Comment