সোনার কয়েন দেওয়ার নাম করে তিন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ৩ - The News Lion

সোনার কয়েন দেওয়ার নাম করে তিন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ৩

 


দি নিউজ লায়নঃ  সোনার কয়েন দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে তিন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় পুলিস তিনজনকে গ্রেপ্তার করেছে।  ধৃতদের নাম শেখ মেহের, খোকন সাহা ও সাগর মণ্ডল। বীরভূমের সাঁইথিয়া থানা এলাকায় মেহেরের বাড়ি। খোকনের বাড়ি আউশগ্রাম থানার ভেদিয়ায়। আউশগ্রাম থানারই কাঁটাটিকুড়িতে সাগরের বাড়ি। পুলিস জানিয়েছে, দিন কয়েক আগে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার রাজনগরের বাসিন্দা বিমল কুমার মাল একটি ফোন পান। 


তাতে নিজেকে রাজীব দাস পরিচয় দিয়ে এক ব্যক্তি জানায়, বাড়ির পুকুর কাটার সময় একটি কলসি পাওয়া গিয়েছে। তার মধ্যে অনেক সোনার কয়েন রয়েছে। সোনার কয়েন নেওয়ার জন্য তাঁকে গুসকরা বাসস্ট্যান্ডে আসতে বলা হয়। সেইমতো ১৬ জুলাই তিনি গুসকরা বাসস্ট্যান্ডে আসেন। সেখানে তাঁকে একটি কয়েন দেখানো হয়। সেটি পরীক্ষা করার জন্য বলা হয় তাঁকে। সেইমতো বিমল কয়েনটি নিয়ে স্বর্ণকারের কাছে যান। স্বর্ণকার কয়েনটি সোনার বলে জানান। 


কয়েন কেনার জন্য এরপর দু’জনের মধ্যে দরাদরি হয়। ২০০টি কয়েনের জন্য তিন লক্ষ টাকা দর ঠিক হয়। প্রতারকদের কথামতো শুক্রবার সন্ধ্যায় টাকা নিয়ে গুসকরা বাসস্ট্যান্ডে আসেন বিমল। সেখানে আগে থেকেই তিনজন অপেক্ষা করছিল। তাঁর কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়ে ২০০টি কয়েন দেওয়া হয়। কয়েনগুলিতে কালো দাগ ছিল। কয়েনগুলি পাওয়ার পর সেগুলি স্বর্ণকারের নিয়ে যান বিমল। সেগুলি জাল বলে জানিয়ে দেন স্বর্ণকার। এরপরই আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন বিমল। ফোনের সূত্র ধরে তদন্তে নেমে পুলিস প্রতারকদের হদিশ পায়।


 শনিবার ভোরে খোকনের বাড়ি থেকে মেহেরকে ধরা হয়। খোকনকে তার বাড়ি থেকে ধরে আউশগ্রাম থানার পুলিস। সাগরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের কাছ থেকে ছ’টি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিস। ধৃতদের ব্যবহৃত একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে পুলিসের অনুমান। এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.