দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ভোটের দিন ঘোষণা - The News Lion

দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ভোটের দিন ঘোষণা

 


দি নিউজ লায়নঃ দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ভোটের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। তবে বাংলা থেকে আরও একটি রাজ্যসভা আসন ফাঁকা রয়েছে। মানস ভুঁইয়া তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন। কিন্তু বিধানসভা ভোটে মানস ভুঁইয়া জয়ী হন। এখন রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রিত্ব সামলাচ্ছেন মানস ভুঁইয়া। তবে মানস ভুঁইয়ার ছেড়ে দেওয়া আসনে কবে ভোট নেওয়া হবে সেবিষয়ে কিছু জানায়নি নির্বাচন কমিশন।


 আগামী ৯ আগস্ট দিনীশ ত্রিবেদীর ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনটিতে ভোট নেওয়া হবে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ জুলাই। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী। তৃণমূলের টিকিটে রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগে দীনেশ ত্রিবেদী  ২০০৯ এবং ২০১৪ সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তৃণমূলের টিকিটে। 


কিন্তু একুশের বিধানসভা ভোটের আগে দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগ দেন। এখনও বিজেপিতেই আছেন তিনি। প্রসঙ্গত, তৃণমূল ছাড়ার প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী জানিয়েছিলেন দলে কথা বলা যায় না। তার মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। তৃণমূল দল আর পার্টি নেই সেটা একটা কর্পোরেট সংস্থা হয়ে গিয়েছে। তৃণমূলে দমবন্ধ হয়ে আসছিল তাই দল ছেড়ে দেন তিনি। উল্লেখ্য, তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল গতকালই দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনে যায়। সুদীপ ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, সুখেন্দুশেখর রায় সহ আরও বেশ কয়েকজন সাংসদ নির্বাচন কমিশনে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে দেখা করেন। 


দেখা করে বলেন যে রাজ্যসভার শূণ্য আসন ২ টিতে উপনির্বাচন দ্রুত নেওয়া হোক এবং রাজ্যের ৭ টি বিধানসভা আসনেও দ্রুত উপনির্বাচনের দিন ঘোষণা করুক কমিশন। তবে দীনেশ ত্রিবেদীর ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনটিতে তৃণমূল কাকে মনোনীত করবে তা নিয়েও বাড়ছে জল্পনা। তৃণমূলের একটি অংশের দাবি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে প্রার্থী করুক দল। অন্য একটি সূত্র জানাচ্ছে ভোট কুশলী প্রশান্ত কিশোরকেও দল রাজ্যসভায় পাঠাতে পারে। শেষ পর্যন্ত কাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.