মোবাইল গেমে বাধা দেওয়ায় দাদাকে খুন, মাকেও খুনের চেষ্টা, ব্যর্থ হয়ে আত্মহত্যা
দি নিউজ লায়নঃ মোবাইলে অনলাইন গেম খেলতে বাধা দেওয়ায় দাদাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করলো ভাই। ঘটনায় মা বাধা দিতে গেলে মাকেও খুনের চেষ্টা করে অভিযুক্ত ভাই। অবশেষে মাকে খুন করতে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে অভিযুক্ত। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার অন্তর্গত সুলতানপুর এলাকায়। দাদাকে খুন করার পর মাকে খুনে ব্যর্থ হওয়ায় নিজে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে গুণধর ভাই চন্দ্রকান্ত মন্ডল(২১)।
জানা গেছে মৃত ওই দাদার নাম সূর্যকান্ত মন্ডল(২৫)। রবিবার সকালে এই খবর জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার ভোর রাতে মোবাইলে অনলাইনে গেম খেলছিল চন্দ্রকান্ত। সাত সকালে মোবাইলে গেম খেলায় বাধা দেয় মা। তখনই মায়ের সঙ্গে বচসার জড়িয়ে পড়ে ছোটো ছেলে চন্দ্রকান্ত। মায়ের পাশে দাঁড়িয়ে ছিল দাদা সূর্যকান্ত। সেই রাগে বাড়ীতে থাকা ধারালো অস্ত্র দিয়ে দাদার উপর হামলা চালায় ছোট ভাই চন্দ্রকান্ত।
দ্রুত মা সাবিত্রী দেবী ছুটে এসে বাঁচাতে গেলে মাকেও ধারালো অস্ত্র দিয়ে মায়ের মাথায় আঘাত করে চন্দ্রকান্ত বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় দুজনই বাড়ির মেঝেতে পড়ে থাকে। চিৎকার শুনে এলাকার স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ততক্ষণে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় চন্দ্রকান্ত। বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় চন্দ্রকান্ত। প্রতিবেশীরা ছুটে এসে আহত মহিলাকে উদ্ধার করে চন্ডীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। ঘটনাস্থলেই দাদা সূর্যকান্ত মন্ডলের মৃত্যু হয়।
চণ্ডীপুর থানার পুলিশ এসে মৃত ওই যুবককে উদ্ধার করে নিয়ে যান। পাশাপাশি ভাই চন্দ্রকান্তের খোঁজখবর শুরু করেন। কিন্তু কোথাও পাওয়া যায়নি। এদিকে আবারও অবস্থার অবনতি হলে চণ্ডীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয় সাবিত্রী দেবীকে। তমলুক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সাবিত্রী দেবী। বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে ভগবানপুর থানার সরবেড়িয়া রাস্তার পাশ থেকে বিষ খেয়ে অচৈতন্য অবস্থায় অভিযুক্ত চন্দ্রকান্তকে উদ্ধার করে স্থানীয়রা। ওই যুবককে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। পুলিশ দুটি মৃতদেহ ময়না তদন্তের জন্য তমলুক হাসপাতালে জন্য পাঠিয়েছে।

Post a Comment