পার্থপ্রতিম রায়ের বাড়িতে গুলি কাণ্ডের ঘটনার পুনঃনির্মাণ
দি নিউজ লায়নঃ কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় এর গ্রামের বাড়িতে গুলি চালানোর অভিযোগ উঠেছিল কয়েকদিন আগে। ঘটনা তদন্তে নেমে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার সেই দুইজনকে সাথে নিয়েই পার্থ প্রতিম রায় এর গ্রামের বাড়ি জিরান পুর এ ঘটনার পুনঃ নির্মাণ করতে পৌঁছল পুলিশ। আক্রমণকারী একজনকে নিয়ে গোটা ঘটনার পুনঃ নির্মাণ করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
তবে এখনো পর্যন্ত বন্দুকটি উদ্ধার হয়নি। একটি মারুতি ভ্যান করে এসে পার্থ প্রতিম রায় বাড়ির সামনে থেকে বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনায় গাড়ি সহ দুইজন আততায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পুলিশ। এদিন ঘটনাস্থলে পৌঁছে তারা জানান, তারা কিভাবে কোন দিক দিয়ে এসে গুলি করেছিল, কতটা দূরত্ব থেকে গুলি করা হয়েছিল, এবং কয়টি গুলি চালানো হয়েছিল।
যদিওবা এই বিষয়ে স্পষ্ট ভাবে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। কোচবিহার জেলা পুলিশ সুপার কে কান্নান জানান, ঘটনায় আরও বেশ কয়েকজন দুষ্কৃতীর নাম উঠে এসেছে, সুতরাং তদন্তের স্বার্থে এখন সম্পূর্ণ ঘটনার বিবরণ করা সম্ভব হচ্ছে না। তদন্ত সম্পন্ন হলে গোটা বিষয়টি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হবে। অপরদিকে পার্থপ্রতিম রায়ের বাবা এবং বাড়ির অন্যতম সদস্য সুরেশ চন্দ্র রায় জানান, প্রথম থেকেই পুলিশ প্রশাসনের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা ছিল।
ঘটনা ঘটার পর থেকেই পুলিশের পিকেট রয়েছে বাড়িতে। আমরা আতঙ্কিত নই। দুজন ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ প্রশাসনকে শুভেচ্ছা জানাই। আশা রাখছি বাকিরাও দ্রুত গ্রেপ্তার হবে। জেলা সভাপতি পার্থ প্রতিম রায় ঠিক একই ছন্দে বলেন, পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছিল এবং তার ফল চোখের সামনে। পুলিশ প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।

Post a Comment