দাঁতাল হাতির তাণ্ডবে চাঞ্চল্য ডাহিচক এলাকা - The News Lion

দাঁতাল হাতির তাণ্ডবে চাঞ্চল্য ডাহিচক এলাকা

 


দি নিউজ লায়নঃ  বৃহস্পতিবার ভোররাতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর ডাহিচক এলাকায় আচমকা ঢুকে পড়ে আটটি দাঁতাল হাতি। হাতি গ্রামে ঢুকে পড়ায় গ্রামবাসীদের ঘুম ভেঙে যায়। গ্রামবাসীরা একজোট হয়ে ওই আটটি হাতিকে তাড়ানোর উদ্যোগ নেয়। কিন্তু যেভাবে ডাহিচক এলাকায় একের পর এক দোকানে ও বাড়িতে ঢুকে হাতির দল তাণ্ডব শুরু করে তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা বোম ফাটিয়ে হাতিকে তাড়ানোর উদ্যোগ নেয়।


 কিন্তু দু'ঘণ্টা ধরে হাতির দল ওই এলাকায় তাণ্ডব চালায়।সূর্যের আলো ফোটার আগেই  হাতি গুলি ডাহিচক থেকে ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডি এলাকায় জঙ্গলের দিকে যায়। বেশ কয়েকটি দোকান ঘরের শাটার ভেঙে দিয়ে জিনিসপত্র তছনছ করে দেয় বলে স্থানীয় বাসিন্দারা জানান। এছাড়া খাবারের সন্ধানে বিভিন্ন বাড়িতে হানা দেয়। যার ফলে কয়েকটি মাটির বাড়ির ক্ষতি করেছে হাতির দল বলে ওই এলাকার বাসিন্দারা জানান। 


ওই হাতির দল নয়াগ্রাম থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে সাঁকরাইল ব্লক এর আন্ধারিয়া এলাকা দিয়ে ডাহিচক এলাকায় এসে তাণ্ডব চালায়। স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার সকালে বিষয়টি বনদফতর কে  জানিয়েছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, তেমনি ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যাদের হাতির দল ঘরবাড়ির ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.