ফালাকাটা পুরসভা নিয়ে আরও একধাপ এগিয়ে গেল রাজ্য সরকার
দি নিউজ লায়নঃ ফালাকাটা পুরসভা নিয়ে আরও একধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। ফালাকাটা পুরসভার ক্যাটাগরি ও ওয়ার্ডের সংখ্যা বিষয়ে নির্দেশ জারি করে রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট ও মিউনিসিপ্যাল এফেয়ার্স ডিপার্টমেন্ট। ১৪ জুলাইয়ের ওই নির্দেশ শুক্রবার প্রকাশ্যে এনেছে জেলা প্রশাসন। ওই নির্দেশে ফালাকাটা পুরসভায় ১৮ টি ওয়ার্ড থাকবে বলে বলা হয়েছে। একই সঙ্গে ওই অর্ডার অনুযায়ি ডি ক্যাটাগরির পুরসভা হচ্ছে ফালাকাটা পুরসভা। উল্লেখ্য ৬ জুলাই থেকে পুরসভার তকমা পায় ফালাকাটা।
ওই দিনই রাজ্য সরকার ফালাকাটাকে পুরসভা ঘোষনা করে ফাইনাল নোটিফিকেশন করেছে। রাজ্যের যুগ্ম সচিবের সই করা আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপ্যাল এফেয়ার্স ডিপার্টমেন্ট ৬ জুলাই মঙ্গলবার একটি নোটিফিকেশন বের করে। ওই নোটিফিকেশনে ৬ জুলাই মঙ্গলবার থেকে ফালাকাটা পুরসভা গঠনের কথা বলা হয়েছে। আগামি ছয় মাস বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফালাকাটা পুরসভার প্রশাসক পদে আলিপুরদুয়ারের মহকুমা শাসককে ফালাকাটা পুরসভার প্রশাসক পদে বসানো হয়েছে। ওই দিন থেকেই ফালাকাটা শহর এলাকা পুর পরিষেবা পেতে শুরু করবে।
জানা গিয়েছে ফালাকাটা ১, ফালাকাটা ২, পারঙ্গের পার ও গুয়াবরনগর এই চার গ্রাম পঞ্চায়েত নিয়ে ফালাকাটা পুরসভা গঠন হওয়ার কথা। এই চার গ্রাম পঞ্চায়েতে ৪১ জন গ্রাম পঞ্চায়েত সদস্য ও ৬ পঞ্চায়েত সমিতির সদস্যরা নির্বাচিত প্রতিনিধি হিসেবে রয়েছেন। ফালাকাটা পুরসভার ফাইনাল নোটিফিকেশন হওয়ার পর এই জন প্রতিনিধিদের নির্বাচিত পদ খারিজ হয়ে গিয়েছে । এবার ফাইনাল নোটিফিকেশনের পর ওয়ার্ডের সংখ্যা ও ফালাকাটা পুরসভার ক্যাটাগরি নিয়েও অর্ডার বের করল রাজ্য সরকার।
এই নির্দেশে খুশি ফালাকাটা বাসি। আলিপুরদুয়ার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ রায় বলেন, " মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শতকোটি প্রনাম। উনি ফালাকাটা বাসির জন্য একের পর এক কাজ করছেন। আমরা ওনাকে ফালাকাটা বিধান সভা উপহার দিতে পারি নি। তার পরেও ফালাকাটার উন্নয়নে কোন কার্পন্য করছে না আমাদের সরকার।" বিষয়টি নিয়ে ফালাকাটার বাসিন্দা তথা আলিপুরদুয়ার জেলা বিজেপির আহ্বায়ক ভুষন মোদক বলেন, " ফালাকাটা পুরসভা হচ্ছে সেটা আমরাও চাই। কিন্তু এত তরিঘরি ফালাকাটাকে পুরসভা করার পেছনে ফালাকাটায় বিজেপির জন প্রতিনিধিদের ক্ষমতা খর্ব করার চক্রান্ত রয়েছে।"
জানা গিয়েছে জানুয়ারি মাসে জলপাইগুড়িতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফালাকাটাকে পুরসভা করার কথা ঘোষনা করেন। তার পর রাজ্য সরকার ফালাকাটাকে পুরসভা করার ড্রাফট নোটিফিকেশন করে। সেই নোটিফিকেশনের ছয় মাসের মধ্যে ফালাকাটাকে পুরসভা ঘোষনা করে ফাইনাল নোটিফিকেশন করে রাজ্য সরকার। এবার ওয়ার্ডের সংখ্যা ও ফালাকাটা পুরসভার ক্যাটাগরি নিয়েও নির্দেশ জারি হল।
Post a Comment