বাড়ির সামনে ময়লা ফেলার প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি
দি নিউজ লায়নঃ বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে প্রতিবাদ করায় আক্রান্ত হলেন প্রতিবাদী দম্পতি। তাঁদের বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রাধা গোবিন্দ পল্লিতে। স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজপুর সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নির্মলেন্দু মন্ডল ও তার স্ত্রী স্বপ্না মন্ডল।
তাঁদের অভিযোগ ইচ্ছাকৃতভাবে তাঁদের বাড়ির সামনে বিষ্ণুপদ মন্ডল নামে এক ব্যক্তি রোজই ময়লা ফেলে যাচ্ছেন। সবজির খোসা থেকে শুরু করে উচ্ছিষ্ট খাবার সবই ফেলে যাওয়া হচ্ছে। আর তার প্রতিবাদ করাতেই তাঁদের ওপর চড়াও হয় ওই ব্যক্তি এবং তাঁর লোকজন। মারধর করেন। মারের চোটে নির্মলেন্দুবাবুর মাথায় ৫টি সেলাই করতে হয়। মারধরের হাত থেকে রক্ষা পাননি তার স্ত্রীও। তাঁকেও মারা হয়। এই ঘটনার কথা জানিয়ে তাঁরা এর আগে পুরসভায় অভিযোগ জানান।
পুরসভার পক্ষ থেকে অভিযুক্তদের বারণ করা হলেও তারা তা শোনেন নি বলে অভিযোগ। তারপরেই এই ঘটনা। এই ঘটনার কথা জানিয়ে তাঁরা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, অভিযুক্তকে ধরা হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে নির্মলেন্দুবাবুর বিরুদ্ধেও থানায় তাদের মারধর করার অভিযোগ জানানো হয়েছে।

Post a Comment