লন্ডনে বন্যার জল ঢুকেছে হাসপাতালে
দি নিউজ লায়নঃ লন্ডনে কয়েকদিনের টানা বৃষ্টিপাতে বন্য পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যায় ডুবে গেছে শহরের অনেক বাড়িঘর, সড়ক ও স্টেশন। বন্যার জল ঢুকেছে দুটি হাসপাতালে। এ অবস্থায় হাসপাতালে রোগী ভর্তি নেওয়া বন্ধ রয়েছে। বন্যায় ডুবে যাওয়া হাসপাতাল দুটির মধ্যে রয়েছে ইস্ট লন্ডনস হুইপস ক্রস ও নিউহ্যাম হাসপাতাল।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে নিউহ্যাম হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘আপনাদের যদি প্রয়োজন হয়, তাহলে আমরা পাশে আছি। তবে আমরা যতক্ষণ পরিস্থিতি সামলাচ্ছি, সম্ভব হলে আপনারা আশপাশের হাসপাতালগুলোতে যাবেন।’ একই ধরনের সমস্যার কথা জানিয়েছে ইস্ট লন্ডনস হুইপস ক্রস হাসপাতাল কর্তৃপক্ষও।রোববার বৃষ্টিপাতের কারণে তৈরি হওয়া দুর্যোগের মধ্যে বাসিন্দাদের বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করতে সতর্ক করেছে শহর কর্তৃপক্ষ।
লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তারা সহায়তার জন্য প্রায় ৩০০ ফোনকল পেয়েছে। সূত্রের খবর, ভারী বৃষ্টিপাতের ফলে লন্ডনের ব্ল্যাকওয়েল টানেল, এ ১২, নর্থ সার্কুলারের কিছু অংশসহ বেশ কয়েকটি এলাকার সড়কে যাতায়াত বন্ধ হয়ে গেছে।

Post a Comment