টুইটারে ৭ কোটি ফলোয়ার করে নয়া নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি - The News Lion

টুইটারে ৭ কোটি ফলোয়ার করে নয়া নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 


দি নিউজ লায়নঃ টুইটারে ৭ কোটি ফলোয়ার করে নয়া নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে বিশ্বের আর কোনও রাজনৈতিক নেতা তাঁর ধারেকাছে নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফলোয়ার মোদির অর্ধেকেরও কম। বাকিরা অনেক পিছনে রয়েছেন।  মোদি ম্যাজিক যে এখনো অব্যাহত, পরিসংখ্যানই স্পষ্ট করে দিল।      


গত ২০০৯ সালে প্রথমবার টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন নরেন্দ্র মোদি। তখন মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী। এরপর ২০১০ সালে ফলোয়ার সংখ্যা ছিল ১ লক্ষ। আর মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর লাফিয়ে বাড়ে ফলোয়ারের সংখ্যা। গত ৭ বছরে নরেন্দ্র মোদি ছাপিয়ে গেলেন সবাইকে। তবে এখনও মোদির থেকে অনেক এগিয়ে আছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ১৩ কোটি। তবে তিনি এখন আর রাষ্ট্রপ্রধান নন। 


আরেক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার ৯ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু তাঁর টুইটার অ্যাকাউন্টও চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ফলোয়ার সংখ্যার বিচারে মোদির ধারেকাছে তাই নেই বিশ্বের কোনও সক্রিয় রাজনীতিবিদই। টুইটারে বাইডেনের ফলোয়ার ৩ কোটির একটু বেশি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ফলো করেন ৭১ লক্ষ জন। এমনকি জনপ্রিয়তায় মোদি পিছনে ফেলেছেন পোপ ফ্রান্সিসকেও। পোপের ফলোয়ার ৫ কোটি ৩০ লক্ষ। প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় মোদি।


 তাঁর সরকারের যে কোনও জনকল্যাণমুখী প্রকল্প সম্পর্কেই টুইট করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এটা ঘটনা গত এপ্রিলে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা দ্রুত কমতে শুরু করেছে বলেই ইঙ্গিত মিলেছিল সমীক্ষায়। কিন্তু তা সত্ত্বেও সেই সমীক্ষার পরিসংখ্যান বুঝিয়ে দিয়েছিল যতই জনপ্রিয়তা কমুক, এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বর নাম নরেন্দ্র মোদিই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.