এক যুবকের মৃতদেহ উদ্ধার দামোদরের বেলোয়া ঘাটে
দি নিউজ লায়ন; দীর্ঘ সময় পর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হলো। মৃত যুবকের নাম বিকি হালদার (২১)। শুক্রবার দামোদর নদের বেলোয়া ঘাট থেকে ঐ মৃতদেহ উদ্ধার করা হয়।গত ৫ জুলাই তিন বন্ধুর সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসে সোনামুখীর রণডিহা জলাধারে স্নান করতে নেমে তলিয়ে যায় পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকার বাসিন্দা বিকি হালদার। অনেক খোঁজাখুঁজির পরেও নিখোঁজ ঐ যুবকের সন্ধান মিলছিল না।
বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা দামোদরের বুকে সন্ধান চালিয়েই যাচ্ছিলেন। এদিন ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সোনামুখী এলাকারই দামোদর নদের বেলোয়া ঘাট থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বালি চাপা অবস্থায় ঐ যুবকের মৃতদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।
পরে সোনামুখী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Post a Comment