চিকিৎসক হওয়ার স্বপ্ন উচ্চ মাধ্যমিকের দশম স্থানাধিকারী অঙ্কনের
দি নিউজ লায়নঃ ভবিষ্যতে সমাজে নিজেকে একজন চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা করতে চায় উচ্চ মাধ্যমিকের দশম স্থানাধিকারী অঙ্কন চক্রবর্তী। আন্দুলের মহিয়াড়ি কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশনের ছাত্র অঙ্কনের প্রাপ্ত নম্বর ৪৯০। মাধ্যমিকে ষষ্ঠ স্থান অর্জন করার পর উচ্চ মাধ্যমিকের দশম স্থান অধিকার করায় খুশির হাওয়া আন্দুলের চক্রবর্তী পরিবারে।
বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর প্রথম ১০ জনের যে মেধা তালিকা প্রকাশ করেছে তার মধ্যে অঙ্কন জায়গা করে নিয়েছে। অঙ্কনের প্রাপ্ত নম্বর বাংলা- ৯৭. ইংরাজী- ৯৬. অঙ্ক- ৯৪. ফিজিক্স- ৯৯. কেমিষ্ট্রি- ৯৯ এবং বায়োলজি- ৯৯। বাবা অক্ষয় চক্রবর্তী বেসরকারি সংস্থার কর্মী, মা সর্বানি চক্রবর্তী গৃহবধূ।
বাবা মায়ের একমাত্র সন্তান অঙ্কনের সঙ্গে তার কাকা ও ঠাকুরমা থাকে। কথা প্রসঙ্গে অঙ্কন জানায় দিনে ১২/১৩ ঘন্টা পড়াশোনা ছাড়া ও অবসর সময় ছবি আঁকতে এবং হাতের কাজ করতে ভালোবাসে। যদিও নিজের এই ফলে খুশি নয় অঙ্কন। তার মতে পরীক্ষা হলে বসে পরীক্ষা দেওয়ার পর ফল জানতে পেরে যে আনন্দটা হয় এক্ষেত্রে সেটা কিছুটা কম হচ্ছে। তবে পরীক্ষা দিলে আরো ভালো হতো বলে জানায় অঙ্কন।

Post a Comment