একসময়ের 'দাপুটে' বাম নেতার বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে এলেন অরূপ রায় - The News Lion

একসময়ের 'দাপুটে' বাম নেতার বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে এলেন অরূপ রায়

 


দি নিউজ লায়নঃ  রাজনীতিতে এ যেন এক সৌজন্যের দৃষ্টান্ত। বিরোধী দলের বর্ষীয়ান নেতার বাড়িতে পৌঁছে গিয়ে ফের সৌজন্যের নজির গড়লেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। হাওড়ার একসময়ের দোন্ডর্পপ্রতাপ দাপুটে সিপিএম নেতা স্বদেশ রঞ্জন চক্রবর্তীর বাড়িতে গিয়ে সৌজন্য বিনিময় করলেন তিনি। শুক্রবার সকালে সকালে মন্ত্রী অরূপ রায় উত্তর হাওড়ায় স্বদেশ রঞ্জন চক্রবর্তীর বাড়িতে যান।


 সেখানে আসেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীও। জানা গেছে, স্বদেশবাবু কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন তিনি সুস্থ থাকলেও এদিন অরূপবাবু তাঁর সুস্থতা কামনা করেন। দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে অনেক কথাবার্তা হয়। স্বদেশবাবু একাধারে যেমন বর্ষীয়ান বাম নেতা, তেমনই হাওড়া পুরসভায় দীর্ঘদিন মেয়র হিসেবেও তিনি দায়িত্ব সামলেছেন। এর পাশাপাশি তিনি হাওড়ার সাংসদও ছিলেন। সৌজন্য বিনিময়ের পাশাপাশি এদিন হাওড়া পুরসভার বিষয় নিয়েও অনেক পরামর্শ দেন প্রবীণ এই বাম নেতা। 


স্বদেশবাবুর সুস্থতা কামনা করেন অরূপ রায়। রাজনীতিতে তাঁরা দু'জন দুই বিপরীত মেরুতে অবস্থান করলেও দুই যুযুধান রাজনৈতিক  ব্যক্তিত্বের এই সৌজন্যতা রাজনৈতিক মহলেও প্রশংসা কুড়িয়েছে।  স্বদেশবাবুর বাড়িতে যাওয়া প্রসঙ্গে এদিন অরূপ রায় বলেন, "স্বদেশদার বাড়িতে ওনাকে দেখতে গিয়েছিলাম। ওনার কিছুদিন আগে কোভিড হয়েছিল। এখন উনি ভালো আছেন। সুস্থ আছেন। এর আগেও বছর দুয়েক আগে ওনাকে দেখতে গিয়েছিলাম। আবার আজকে গেলাম। ওনার সুস্থতা কামনা করলাম। ওনার সঙ্গে অনেক আলোচনা করলাম। উনি কর্পোরেশন নিয়েও অনেক পরামর্শ দিলেন।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.