বিজেপি পরিচালিত পঞ্চায়েতের দখল নিল তৃণমূল - The News Lion

বিজেপি পরিচালিত পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

 


দি নিউজ লায়ন;  সপ্তাহখানেক আগে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সিপিএম সদস্য তৃণমূলে যোগ দেওয়ার পর এবার উলুবেড়িয়া ২ নং ব্লকের বিজেপি পরিচালিত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। সোমবার পঞ্চায়েত ভোটাভুটিতে তৃণমূল জয়লাভ করে পঞ্চায়েতের দখল নিল এবং পঞ্চায়েতের বিরোধী দলনেতা গোপাল কোলে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়। এদিন উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াসের উপস্থিতিতে ভোটাভুটি হয়।


বাসুদেব পুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসা নিয়ে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি জানান গত মঙ্গলবার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিজেপি সদস্য এবং একজন সিপিএম সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় এমনিতেই বিজেপি ওই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল। আজ ভোটাভুটিতে তৃণমূল জয়লাভ করে পঞ্চায়েতের দখল নিল। তিনি জানান বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রশান্ত মন্ডল কে পঞ্চায়েতের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান করা হবে।


অন্যদিকে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত তাদের হাতছাড়া হওয়া প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল জানান রাজনৈতিক চাপ, হুমকি এবং প্রলোভনের কাছে হার মানল আমাদের কয়েকজন সদস্য। তবে তিনি দাবি করেন সোমবার বিজেপির ৬ সদস্য পঞ্চায়েতে উপস্থিত থাকলেও শারীরিক সমস্যার কারণে দুই সদস্য উপস্থিত ছিলেন। তৃণমূল পঞ্চায়েতের দখল নিলেও যে সমস্ত বিজেপি সদস্য তৃণমূলে যোগ দিয়েছে দলত্যাগ আইনে তাদের বিরুদ্ধে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে দল বলে জানান প্রত্যুষ মন্ডল।


প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে ১৬ আসন বিশিষ্ট বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি ১০, তৃণমূল ৪, সিপিএম ১ এবং নির্দল ১টি আসন পায়। যদিও পরবর্তী সভায় বিজেপির ২ এবং সিপিএম ও নির্দল তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮। যদিও তৃণমূলের দাবি বিজেপির আরো ২ সদস্য তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তাদের চিঠি দিয়েছে। সুতরাং তৃণমূলের বর্তমান আসন সংখ্যা ১০। যদিও বিজেপির দাবি তৃণমূল যে দু'জন সদস্যর কথা বলছেন তারা বিজেপিতে আছেন।


অন্যদিকে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসায় উলুবেড়িয়া ২ নং ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের পঞ্চায়েত সংখ্যা দাঁড়ালো ৪। আগে তৃণমূলের দখলে ছিল রঘুদেবপুর, তেহট্টো কাঁটাবেড়িয়া ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত। অন্যদিকে ব্লকের ৫ টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও বাসুদেব পুর গ্রাম পঞ্চায়েত তাদের হাতছাড়া হওয়ায় বর্তমানে খলিসানি বানিবন জোয়ারগোড়ি ও তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.