চন্দ্রকোনায় বাজ পড়ে মৃত দুজনের বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের স্বান্তনা দিলেন মানস ভুইঁয়া
দি নিউজ লায়ন; বুধবার বজ্রপাতে মৃত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় দুজনের বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের স্বান্তনা দিলেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী ডাক্তার মানস ভুইঁয়া। এদিন বিকেলে সাংসদ কাকলী ঘোষ দস্তিদার ও রাজের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো কে নিয়ে তিনি চন্দ্রকোনার জাড়া গ্রামে মৃত অরুন মন্ডল ও হিরাধরপুর গ্রামে মৃতা অর্চনা রায়ের বাড়িতে আসেন। সঙ্গে ছিলেন চন্দ্রকোনার তৃণমূলের বিধায়ক অরূপ ধাড়া , জেলা শাসক রশ্মি কমল , জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তরা সিংহ হাজরা ও সহ্ সভাধিপতি বিধায়ক অজিত মাইতি,বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েত প্রধানরা।
নিহতদের পরিবারের হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো ২ লক্ষ টাকা ও তৃণমূলের পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি র পাঠানো ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিন রাজ্য সরকারের পাঠানো প্রতিনিধি দল গ্রামে ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিবারের লোকজন। তাঁরা তাঁদের স্বান্তনা দেন। পরিবারের পাশে থাকার বার্তা দেন ।
মন্ত্রী ডাক্তার মানস ভূইঁয়া জানান , বজ্রপাতে রাজ্য জুড়ে একই দিনে ২৭ জনের মৃত্যুর ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই প্রতিটি পরিবারের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠিয়ে তাঁদের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়ার ঘটনা এত দ্রুত কোনো রাজ্যেই হয়নি। আরো একবার প্রমাণিত হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের দুঃখ কষ্ট নিয়ে কতটা ভাবেন। তাঁর কথায় , একদিকে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার যখন একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে তখনই ঘটে গেল ইয়াসের তান্ডব । উপকূলবর্তী এলাকা গুলিতে এত ক্ষয়ক্ষতি সাম্প্রতিক কালে ঘটেনি । এই সময়েও মানুষের পাশে থেকেছেন মুখ্যমন্ত্রী। দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ এর ব্যবস্থা করেছেন।

Post a Comment