আবারও বজ্রপাতে বজ্রপাতে মৃত ৩
দি নিউজ লায়ন; মঙ্গলবার আবারও বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটল। ফলে পরপর দুদিনে বজ্রপাতে বাঁকুড়া জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকালে মাঠে গোরু চরানোর সময় বাঁকুড়ার বড়জোড়া থানার রাজমাধবপুর গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় ওই গ্রামেরই বাসিন্দা মাগারাম গরাই নামের বছর পঞ্চাশ বয়সী এক ব্যাক্তির। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যায় বড়জোড়া থানার পুলিশ ও স্থানীয় তৃনমূল নেতৃত্ব। মৃতের পরিবারের পাশে থাকার আস্বাস দেওয়ার পাশাপাশি তৃনমূলের তরফে মৃতের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ইন্দপুর থানার গৌরবাজার এলাকায় বজ্রপাতে আরো দুই ব্যাক্তির মৃত্যুর খবর মেলে। স্থানীয় সূত্রে জানা গেছে গৌরবাজার গ্রামের জনা তিন যুবক রাত সাড়ে আটটা নাগাদ বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য রাস্তার পাশে একটি যাত্রী প্রতিক্ষালয়ে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় আচমকা বজ্রপাতে আহত হন তিন জনই। খবর পেয়ে আহতদের স্থানীয় ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দয়াময় ডাঙর (৩২) ও মনোরঞ্জন মাল(২৮) কে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় অপর আহতর চিকিৎসা শুরু হয় ওই হাসপাতালে। এক্ষেত্রেও দুটি মৃতদেহই পুলিশ উদ্ধার করেছে। আজ ময়নাতদন্তের পর মৃতদেহগুলি পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এদিকে সোমবার বজ্রপাতে বাঁকুড়ার রানীবাঁধে মৃত দুই ব্যাক্তির পরিবারের সাথে দেখা করতে মঙ্গলবার জেলায় আসছে তৃনমূলের প্রতিনিধিদল। জানা গেছে মন্ত্রী মানস ভুইয়া ও কাকলী ঘোষ দস্তিদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মৃতদের পরিবারে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি তাঁদের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেবেন।

Post a Comment