আজ থেকে খুলে গেল বালির মহাদেব জুটমিল
দি নিউজ লায়ন; ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের উদ্যোগে বুধবার থেকে খুলে গেল বালির মহাদেব জুটমিল। খুশির ছোঁয়া শ্রমিক মহলে। কাঁচামালের অভাব এই অজুহাতে মিলটি বন্ধ করে দেওয়া হয়েছিল। বালির তৃণমূল বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় শ্রমিকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। ১৫ দিনের জন্য তিনি ফ্রি'তে রেশনের ব্যবস্থা করেন শ্রমিকদের জন্য। এরপর উদ্যোগ নিয়ে মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মিলটি খোলার উদ্যোগ নেন তিনি।সেইমতো আজ বুধবার থেকে খুলে গেল বালির মহাদেব জুটমিল। এই ব্যাপারে মহাদেব জুট মিলের জেনারেল ম্যানেজার সরোজ ঝাঁ জানিয়েছেন, এখানকার কর্মীরা খুব ভালো।
এরা কাজে ফাঁকি দেয় না। মিল বন্ধ হওয়ায় কর্মীরা খুব সমস্যায় পড়েছিলেন। পাটের অভাব থাকলেও এদিন মিলটি খোলা হল। তিনি বলেন, আমাদের মিলের কর্মীদের ভরসা করা যায়। এরা সময়মতো হাজিরা দেয়। সময়মতো বাড়ি যায়। কাজে ফাঁকি দেন না। সেইজন্য স্থানীয় বিধায়ক রাণা চট্টোপাধ্যায় বলার পর আমিও চাইছিলাম মিলটা খুলে যাক। এখানকার কর্মীরা যেমন কাজ করে আমরা সন্তুষ্ট। বিধায়কের প্রচেষ্টা এবং কর্মীদের কাজের প্রবণতা দেখে মিল খোলার বিষয়ে আমরা আগ্রহী ছিলাম। চেষ্টা করছি কি করে কাঁচা পাট আনা যায় এবং কি করে মিলটাকে সুস্থ ভাবে চালানো যায়। যখনই কাঁচামাল পাট পাওয়া যাবে তারপরেই সুষ্ঠুভাবে মিল চালানো যাবে।
এ ব্যাপারে স্থানীয় বিধায়ক রাণা চট্টোপাধ্যায় বলেন, মিল খোলায় আমি খুব খুশি। আজ এটা আনন্দের দিন। জামাইষষ্ঠীর শুভ দিনে ঈশ্বর প্রায় কয়েক হাজার মিল কর্মীদের জন্য স্থায়ী অন্নসংস্থানের ব্যবস্থা করে দিলেন। মিল কর্তৃপক্ষ, রাজ্য সরকার সহ সকল ব্যক্তি যারা এই মিল খোলার বিষয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদের ধন্যবাদ জানাই। মিল কর্মীদের পক্ষ থেকে উৎপল দত্ত জানিয়েছেন, প্রায় একমাস মিলটি বন্ধ ছিল। এতে কর্মীরা চরম সমস্যায় পড়েছিল। এদিন মিল খুলেছে। এতে সবাই খুশি।

Post a Comment