প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে
দি নিউজ লায়ন; প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বাগনানের নুন্টিয়া বাজারে। মৃত বৃদ্ধের নাম সেখ আব্দুল খালেক ( ৬৩) বাড়ি বাগনানের খাজুরনান গ্রামে অভিযুক্ত যুবকের নাম সেখ আসরাফ। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। বাগনান থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই আব্দুল খালেকের পরিবারের সঙ্গে আসরাফের পরিবারের বিবাদ চলছিল। মাঝে মধ্যেই দুটি পরিবারের মধ্যে অশান্তি হত। জানা গেছে রবিবার সকালে অন্যান্য দিনের মত আব্দুল খালেক নুন্টিয়া বাজারে বাজার করতে এসে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। অভিযোগ সেই সময় আচমকা আসরাফ সেখানে এসে একটি ধারালো অস্ত্র দিয়ে আব্দুল খালেকের গলায় এবং মাথায় আঘাত করে।
ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। বৃদ্ধের মৃত্যুর পরেই আসরাফ এলাকা থেকে পালিয়ে যায়। এদিকে এই ঘটনার পর এলাকার বাসিন্দারা অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে বাগনান শ্যামপুর রাস্তার নঙন্টিয়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। এলাকায় উত্তেজনা বাড়াতে থাকায় রেফ নামানো হয়। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Post a Comment