৭ বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; কালীগঞ্জ থানার কুটুরিয়া গ্রামে গত বৃহস্পতিবার ৭ বছরের এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হলো। স্থানীয় সূত্রে জানা যায়, একসাথে খেলতে খেলতে দুই শিশুর মধ্যে হাতাহাতি। অভিযোগ, সেসময় পাড়ারই এক প্রৌঢ়া এসে সজোরে লাথি মারে ৭ বছরের ওই শিশুকে। গুরুতর আহত ওই শিশুর শেষপর্যন্ত মৃত্যু হয়। কাটোয়া মহকুমা হাসপাতালে শুক্রবার গুরুতর অসুস্থ অবস্থায় এনে ভর্তি করা হয়েছিল অভিলাষ ঘোষ(৭) নামে ওই শিশুটিকে।
ওই দিনই তার অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সন্ধ্যার মুখে বর্ধমান নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিলাষের। মৃতের কাকা ভরত ঘোষ এদিন কাটোয়া মহকুমা হাসপাতালে দাঁড়িয়ে সাংবাদিককে জানান, গত বৃহস্পতিবার তার ভাইপো অভিলাষ ও পাড়ার সমবয়সী একটি শিশু খেলা করছিল।
খেলার সময় পাড়ার ওই শিশুটির সঙ্গে হাতাহাতি শুরু হয় অভিলাষের। মাঝে পাড়ারই বছর বারোর এক কিশোর চলে আসে। ওই কিশোর প্রথমেই দুজনকে চড়থাপ্পর দিতে শুরু করে। তারপরেই কিশোরের দিদিমা আচমকা চলে এসে অভিলাষকে ফেলে পেটে লাথি মারে। অভিলাষ জ্ঞান হারায়।" শনিবার কাটোয়া মহকুমা হাসপাতালে মৃতের দেহ ময়নাতদন্ত করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুর পর্যন্ত এনিয়ে নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি। অন্যদিকে সূত্রের খবর, অভিযুক্ত মহিলা ঘটনার পর থেকেই পলাতক।

Post a Comment