বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের দায়ে ৭ বছরের কারাদন্ড ছেলের
দি নিউজ লায়ন; বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের কারনে ছেলেকে ৭ বছরের কারাদন্ডের আদেশ দিল কাটোয়া আদালত। সাজাপ্রাপ্তের নাম প্রশান্ত দাস। বাড়ি মঙ্গলকোটে। বৃহস্পতিবার কাটোয়া ফাস্ট ট্রাক আদালতের বিচারক এই সাজা শোনান। তারসঙ্গে দু' হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও দু'মাস কারদন্ডের নির্দেশ দেন বিচারক। এই মামলায় সরকারি পক্ষের আইনজীবি প্রসেনজিৎ সাহা জানান, এই মামলায় মোট ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহন করে আদালত। তার ভিত্তিতেই এই রায় দিয়েছেন বিচারক।
আদালত সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে ২০১৮ সালের ৫ জুলাই। মঙ্গলকোটের কামারপাড়া গ্রামের বাসিন্দা বিদেশী দাসের সঙ্গে তাঁর ছোট ছেলে প্রশান্ত দাসের ঝগড়া হয়। বিদেশী দাসের দুই ছেলে। বড়ছেলের নাম সুশান্ত দাস। পারিবারিক মাত্র আড়াই বিঘা জমি। জমির ভাগ বাঁটোয়ারা নিয়েই ছেলে প্রশান্ত দাসের সঙ্গে ওদিন বিকেলে বিবাদে জড়ান বৃদ্ধ বিদেশী দাস। ঝগড়ার মাঝে প্রশান্ত দাস বাড়িতে থাকা একটি বাঁশ নিয়ে এসে তার বাবাকে বেধড়ক পিটিয়ে দেন। বাঁশের আঘাতে বিদেশ দাসের হাত ও কোমরে ব্যপক জখম হন। মাথায় আঘাত লাগে।
ওদিন তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন পর সেখানেই মারা যান বিদেশীবাবু। মৃত্যুর পরেরদিন সুশান্ত দাস মঙ্গলকোট থানায় তাই ভাই প্রশান্ত দাসের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন।পুলিশ একটি অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তখন থেকেই প্রশান্ত কাটোয়া সংশোধনাগারে বিচারাধীন বন্দি ছিলেন। বুধবার তাকে দোষী সব্যস্ত করে আদালত। এদিন সাজাঘোষণা করা হয়। সাজাপ্রাপ্ত প্রশান্ত এদিন রায় শুনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, "আমি বাবাকে মেরে ফেলতে চাইনি। রাগের বশে ঘটে গিয়েছে।"

Post a Comment