সোশ্যাল মিডিয়ায় গৃহবধূর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার মুকুল
দি নিউজ লায়ন; সোশ্যাল মিডিয়ায় গৃহবধূর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মুকুল শেখ। কাটোয়া থানার করজগ্রামে তার বাড়ি। মুকুল পেশায় গাড়িচালক। পুলিস জানিয়েছে, বর্ধমান থানার পালিতপুরে ওই গৃহবধূর শ্বশুরবাড়ি। ৯ বছর আগে তাঁর বিয়ে হয়। তাঁর একটি কন্যা সন্তানও রয়েছে। মুকুলের সঙ্গে বছর দু’য়েক আগে তাঁর পরিচয় হয়। দু’জনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। গৃহবধূকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যায় মুকুল।
সেখানকার হোটেলে গৃহবধূর বেশকিছু আপত্তিকর ছবি মোবাইলে তুলে রাখে সে। মাঝেমধ্যেই গৃহবধূকে সে কুপ্রস্তাব দিত। তাতে রাজি না হলেই মোবাইলে তুলে রাখা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিত মুকুল। মাসখানেক আগে স্বামীর মোবাইলে গৃহবধূর বেশ কয়েকটি আপত্তিকর ছবি পাঠায় মুকুল। গৃহবধূর স্বামী তার প্রতিবাদ করেন। ছবি ছড়ানো বন্ধ করার জন্য সে ১ লক্ষ টাকা গৃহবধূর স্বামীর কাছে দাবি করে। টাকা না দিলে গৃহবধূর স্বামীকে সে মেরে ফেলার হুমকি দেয়।
এমনকি আরও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় মুকুল। বাধ্য হয়ে গৃহবধূ সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে নেমে বর্ধমান সাইবার থানার পুলিস মঙ্গলবার রাতে বাড়ি থেকে অভিযুক্ত গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। ধৃতের মোবাইল উদ্ধারের জন্য এবং বাকি জড়িতদের হদিশ পেতে ধৃতকে ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম।

Post a Comment