বিশ্ব পরিবেশ দিবসে সবুজ বাঁচানোর ডাক হাওড়ায়
দি নিউজ লায়ন; সরকারী উদ্যেগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ বাঁচাতে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন প্রান্তে গাছ লাগানো হল। এদিন সকালে উলুবেড়িয়ার বহিরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা পেশায় দর্জি দেবাশীস সাঁতরা নিজের উদ্যেগে একশো চারা গাছ কিনে বহিরা শ্মশান ও গ্রামের বিভিন্ন জায়গায় রোপন করেন।
মেহগনি, আকাশমনি, কদম ,ইউক্যালিপটাস গাছের চারা রোপণ করেন। দেবাশিস বলেন উম্পুন আর ইয়াস আমাদের অনেক কিছু শিখিয়েছে। তাই পরিবেশ রক্ষার্থে আমাদেরই বেশি করে গাছ লাগানোর প্রয়োজন রয়েছে। বাগনান এক নম্বর ব্লকের সাবসিট গ্রাম পঞ্চায়েতের উদ্যেগে চাকুর গ্রামে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। একশো চারা গাছ রোপনের পাশাপাশি এদিন এলাকার ৩০ টি ক্লাব সংগঠন কে ৩০ টি করে গাছের চারা প্রদান করা হয়। এদিন বিশ্ব পরিবেশ দিবস কে সামনে রেখে সাবসিট গ্রাম পঞ্চায়েতের উদ্যেগে এলাকার এগারো জন গ্রামীণ চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হয়।
এদিন বাইনান গ্রাম পঞ্চায়েতের উদ্যেগে পূর্ব বাইনান প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে বৃক্ষরোপণ করার পাশাপাশি ২০০ চারাগাছ বিতরন করা হয়। পঞ্চায়েত সূত্রে খবর বনসৃজন প্রকল্পে তিন হাজার গাছ রোপন করা হবে। গত বছর বাইনান গ্রাম পঞ্চায়েত এলাকায় পাঁচ হাজার গাছ লাগানো হয়েছিল। অন্যদিকে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে বিশ্ব পরিবেশ দিবসের দিন বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করল সামাজিক সংগঠন সারথী। সারথীর সভাপতি প্রীতম মন্ডল বলেন বৃক্ষরোপণ কর্মসূচিতে হাওড়া গ্রামীণ জেলা জুড়ে আগামী দিনে সাত হাজার বৃক্ষরোপণ করা হবে।
আবার বিশ্ব পরিবেশ দিবসে হাওড়া গ্রামীণ জেলার তরুন যুবকদের সংগঠন সূর্যোদয়ের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। আমতা, বাগনান ,কুলগাছিয়া, জগৎবল্লভপুরে কয়েকশো বৃক্ষরোপণ করে সংগঠনের সদস্য সদস্যরা। এদিন মাধবপুর পরিবেশ চেতনা সমিতির উদ্যেগে উলুবেড়িয়ার কালিকাপুর ও মাধবপুরে দামোদর নদীর ধারে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
আনুষ্ঠানিকভাবে এদিন বট অশ্বত্থ পাকুড়দের মতো গাছ রোপন করা হয়। সারা বছর জুড়ে এই গাছ রোপনের কাজ চলবে বলে জানান সমিতির সম্পাদিকা জয়িতা কুন্ডু। হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানা এলাকার বাসিন্দা যুবক কার্তিক ধাড়া গাছ কাটলে কি ভাবে পরিবেশ বিপন্ন হতে পারে সেই বার্তা দিয়ে মুখে অক্সিজেনের মাস্ক লাগিয়ে ও পিঠে বড় প্লাস্টিকের জারে গাছ রেখে পরিবেশ বাঁচানোর ডাক দেন।
সাইকেলে চেপে কার্তিক এদিন হাওড়া গ্রামীনের ঝিকিরা, জয়পুর, সেহাগড়ি, খালনা ,বাক্সী, বাগনান ও শ্যামপুরের ইয়াসের কারনে নদীর জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এলাকায় যান। সেই সব এলাকার বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান গুলিকে গাছ বিতরন করেন। কার্তিক বলেন বিশ্ব পরিবেশ দিবসের দিন মোট২২৬ টি গাছ বিলি করেছি সেই এলাকায় যেখানে গাছ কম আছে।

Post a Comment