শোওয়ার ঘর থেকে রহস্যজনক অবস্থায় এক দম্পতির মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়ন; রবিবার সকালে পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের কৈলাসপুর গ্রামে শোওয়ার ঘর থেকে রহস্যজনক অবস্থায় এক দম্পতির মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। মোবাইল ব্যবহার করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল । আর তারই জেরে হয়তো আত্মহত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ । এদিন সকালে পুলিশ ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে।
তবে ওই দম্পতির মধ্যে গৃহবধূ বিষক্রিয়ায় মারা গিয়েছেন এবং স্বামীর দেহ শোবার ঘরে সিলিংয়ে ফাঁস লাগা অবস্থায় ঝুলছিল । পাশাপাশি একই ঘরে ওই দম্পতির দেহ দুটি উদ্ধার হয়েছে। সুতরাং কে আগে মারা গিয়েছে, সেটা ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত পরিষ্কার করে কিছু জানাতে পারে নি তদন্তকারী পুলিশ কর্তারা। ওই দম্পতির রহস্যজনক মৃত্যু ঘিরে পুরাতন মালদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত দম্পতির নাম গৌতম হালদার (৩০) এবং লক্ষী হালদার (২৪)।
তাদের তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে। মৃত গৌতম হালদার পেশায় ফ্রিজের মেকানিক ছিলেন। শোবার একটি ঘরে বিছানার নিচে মুখে গ্যাজলা বেড়ানো অবস্থায় মৃতদেহ পড়েছিল গৃহবধূ লক্ষ্মী হালদারের। আর ওই ঘরে সিলিংয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৌতম হালদারের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই দম্পতি দুজনে আত্মহত্যা করেছে। গৃহবধূ কীটনাশক জাতীয় কোন কিছু খেয়ে আত্মঘাতী হয়েছেন।
পাশাপাশি স্বামী গৌতম হালদার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই কে আগে আত্মঘাতী হয়েছে সে বিষয়টি পরিস্কার করে বলা যাবে। তবে এই ঘটনাটি নিয়ে পরিবারের লোকেরা মুখে কুলুপ এঁটেছে। পরিষ্কার করে এখনো কিছু জানা যায় নি। মোবাইল নিয়ে বিবাদ হলেও ঘটনার পিছনে কী রহস্য রয়েছে তা নিয়ে তদন্ত করা হচ্ছে।

Post a Comment