পাত্রসায়ে ১১০০ বিজেপি নেতা কর্মী তৃনমূলে যোগ
দি নিউজ লায়ন; গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে মরণপন লড়াই করেছিলেন তাঁরা । কষ্ট করে গড়ে তুলেছিলেন এলাকায় গেরুয়া সংগঠন । সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটে তার ডিভিডেন্ডও পায় গেরুয়া শিবির । বিধানসভা ভোটেও নিজেদের দলীয় প্রার্থীকে জেতানোর ব্যাপারে বিন্দুমাত্র কসুর করেননি তাঁরা । কিন্তু ভোট মিটতেই ডুমুরের ফুল হয়ে যাওয়া বিজেপি নেতৃত্বকে পাশে পাননি বলে অভিযোগ । প্রাকৃতিক বিপর্যয় ইয়াস হোক বা বিধানসভা ভোটে রাজনৈতিক বিপর্যয় কোনোক্ষেত্রেই জান কবুল করা নিচু তলার নেতৃত্বের খোঁজ রাখেনি বিজেপির রাজ্য এমনকি জেলা নেতৃত্ব ।
নিচু তলার নেতা কর্মীরা কেমন আছে তা জানতে চেয়ে নিদেনপক্ষে একটা ফোনও আসেনি । ফলে দলের অন্দরেই নীচু তলার নেতা কর্মীদের মধ্যে ধীরে ধীরে পুঞ্জীভূত হচ্ছিল ক্ষোভ । শেষমেশ সোমবার সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল বাঁকুড়ার পাত্রসায়েরে । একসাথে এলাকার এগারোশো বিজেপি নেতা কর্মী বিজেপি ছেড়ে কাঁধে তুলে নিলেন তৃনমূলের পতাকা । সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বাঁকুড়া জেলায় একটু একটু করে ভাঙছিল বিজেপি শিবির ।
সোমবার একসাথে এগারোশো নেতা কর্মী দলবদল করে তৃনমূলে যোগ দেওয়ার ঘটনায় গেরুয়া শিবিরে কার্যত ধস নামে । সোমবার দলে নবাগতদের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা । পরে তিনি বলেন, বিজেপি নেতৃত্বের ব্যবহারে বীতশ্রদ্ধ পাত্রসায়েরের বিজেপি কর্মীরা । তাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে চলা উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে দলে দলে মানুষ তৃনমূলে যোগ দিচ্ছেন । পাত্রসায়ের এলাকার বিজেপির মন্ডল ও বুথ নেতৃত্ব সহ মোট এগারোশো কর্মী ও সমর্থক আমাদের দলে যোগ দেওয়ায় এই এলাকায় আমাদের সংগঠন আরো শক্তিশালী হল ।

Post a Comment