করোনার কারণে হচ্ছে না মাহেশের জগন্নাথ দেবের রথযাত্রা
দি নিউজ লায়ন ; করোনার কারনে চলতি বছরেও হচ্ছে না মাহেশের জগন্নাথ দেবের রথযাত্রা। মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চলতি বছরেও মাহেশের রথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাবতীয় রীতি উপাচার নিয়ম মেনেই পালন করা হবে। জগন্নাথ মন্দির ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর রথযাত্রা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি বৈঠক ডাকা হয়েছিল।
সেখানে সংখ্যাগরিষ্ঠ সেবাইত গত বছরের মতো চলতি বছরেও করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে রথযাত্রা স্থগিতের পক্ষে মত দেন। করোনা সংক্রান্ত যে সমস্ত বিধি নিষেধ রয়েছে তা রথ যাত্রার মত বিশাল ধর্মীয় অনুষ্ঠানে মেনে চলা কার্যত অসম্ভব। তাই পরিস্থিতি বিবেচনা করে রথযাত্রা স্থগিত রাখা হলো। আপাতত যা ঠিক হয়েছে 24 জুন স্নান যাত্রার দিন মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে স্নান যাত্রার অনুষ্ঠান হবে।
জগন্নাথ মন্দিরের পাশে অস্থায়ী ভাবে মাসীর বাড়ি তৈরি করা হবে। সেখানেই থাকবেন জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা। ১২ জুলাই রথযাত্রার দিন নারায়ণ শিলা জগন্নাথ দেবের যে রথ রয়েছে সেই রথ সাতবার প্রদক্ষিণ করবে এবং তারপর তারপর পদব্রজে আদি মাসীর বাড়িতে প্রতিষ্ঠা করা হবে।প্রতিদিন এই নারায়ন শিলা পূজিত হবেন সেখানে। পুজো হবে রথেরও। বস্তুত পুরীর রথের পরেই ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথ হল মাহেশের জগন্নাথ দেবের রথ। এ বছর রথযাত্রা ৬২৫ বছরে পড়ল। এখন যে লোহার রথ রয়েছে তার বয়স ১৩৬ বছরের। মার্টিন বার্ন কোম্পানির তৈরি এই রথের উচ্চতা ৫০ফুট। রয়েছে বারোটি চাকা।

Post a Comment