আলিপুরদুয়ারে তৃণমূলে যোগ দিচ্ছেন দলের জেলা সভাপতিসহ 6 প্রথম সারির নেতা
দি নিউজ লায়ন; আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা তৃণমূলে যোগ দিচ্ছেন। সোমবার দুপুর একটায় কলকাতায় তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তার যোগ দেওয়ার কথা। জেলা বিজেপির সভাপতির পাশাপাশি আরও ছয় বিজেপি নেতার একসঙ্গে তৃণমূলে যোগ দেওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে গঙ্গা প্রসাদ রবিবার বলেন, " আমি তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। সোমবার দুপুর ১ টায় কলকাতার তৃণমূল ভবনে আমি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করব। আমার সঙ্গে প্রাথমিকভাবে ছয় জন বিজেপি নেতা তৃণমূলে যোগদান করবেন।
" তবে কি কারনে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন জিজ্ঞাসা করলে গঙ্গা বলেন, " মঙ্গলবার আমি জেলায় ফিরব। ফিরে বিস্তারিত কথা হবে।" ইতিমধ্যেই বিজেপির জেলা সভাপতি সদলবলে কলকাতায় চলে গিয়েছেন। জেলা বিজেপির সভাপতি দলবদলের কারন নিয়ে মুখ না খুললেও তার ঘনিষ্ট মহল সূত্রে জানা গিয়েছে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব সম্প্রতি জন প্রতিনিধিদের বেশি গুরুত্ব দিতে শুরু করেছিলেন। যাতে ক্ষুব্ধ জেলা বিজেপির সভাপতি গঙ্গা। তিনি দলে থেকেই এর আগে এই অবজ্ঞার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছিলেন।
বিধান সভা ভোটের আগে থেকেই এই সব বিভিন্ন বিষয় নিয়ে দলের সাথে তার বিরোধ শুরু হয়। তৃণমূল থেকে বিজেপিতে আসা দল বদলুদের নিয়ে মন্তব্য করার জেরে রাজ্য বিজেপি বিধান সভা ভোটের আগে তাকে একবার শোকজ করেছিল। সেবারই পদত্যাগ করতে চেয়েছিলেন গঙ্গা। কিন্তু সম্প্রতি আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা দলের সব নিয়ম নীতি ভেঙ্গে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরির দাবি তুললে তিনি প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছিলেন।
অবশেষে রবিবার তার দলবদলের সিদ্ধান্ত জানাজানি হতেই জেলার রাজনৈতিক মহলে তুমুল শোরগোল শুরু হয়। কারন একসময়ের কট্টর আর এস এস নেতা গঙ্গা প্রসাদ শর্মাকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেই আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতির দায়িত্ব দেয় বিজেপি। তার হাত দিয়েই আলিপুরদুয়ারে বিজেপির সংগঠন শুন্য থেকে শক্তিশালি হয়ে ওঠে। তার হাত দিয়েই আলিপুরদুয়ার লোকসভা আসনে জয় পায় বিজেপি।
তার পর ২০২১ এর বিধান সভা ভোটেও জেলার ৫ টি বিধান সভার সব আসনে জয়লাভ করে বিজেপি। এহেন আর এস এস পন্থী গুরুত্বপূর্ন বিজেপির সংগঠন তৃণমূলে যোগদান করার খবরে স্বাভাবিকভাবেই জেলার রাজনৈতিক মহলে তুমুল হই চই শুরু হয়েছে। বিজেপির একের পর এক মন্ডল সভাপতি গঙ্গা প্রসাদ শর্মার সাথে থাকার ইঙ্গিত দিয়েছেন। এদিন জেলা বিজেপি সভাপতি গঙ্গা প্রসাদ শর্মার দল বদলের খবর চাউর হতেই শুনশান হতে শুরু করে জেলা বিজেপির কার্যালয়।
অনেকেই গঙ্গার সাথে বিজেপি দল অনেক অন্যায় করেছে বলে ফিসিফাস করতে দেখা গেছে দলীয় কর্মীদের। তবে এদিন আলিপুরদুয়ার, কালচিনির বিধায়করা এই খবর শোনার পর জেলা বিজেপি কার্যালয়ে আসেন। তারা জেলা সভাপতির দলবদলের খবর জানেন না বলে জানান। এদিন জেলা বিজেপির হোয়াটস এপ গ্রুপ থেকে বেরিয়ে যান গঙ্গা প্রসাদ।
জেলা বিজেপির সভাপতি হিসেবে তিনি যে গাড়ি পেয়েছিলেন সেটিও এদিন ওই গাড়ির চালক এসে জেলা বিজেপি কার্যালয়ে জমা দিয়ে যান। বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামি বলেন, " আমি আগে থেকেই বলেছি আদি বিজেপিরা আমাদের দলে এলে স্বাগত। জেলা বিজেপির সভাপতি আমাদের দলে এলে তাকে আমরা স্বাগত জানাব।" জানা গিয়েছে জেলা তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামিও এই কারনে শনিবারই কলকাতায় পৌছে গেছেন।

Post a Comment