কলা বাগানের ভিতরে গোপনে বোমা বাঁধার সময় হাতেনাতে গ্রেফতার দুই দুষ্কৃতী
দি নিউজ লায়ন; কলা বাগানের ভিতরে গোপনে বোমা বাঁধছিল বেশ কিছু দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার তল্লাশি অভিযানে নেমে হাতেনাতে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বারুইপুর পুলিশ জেলার ভাঙড়ের কাশিপুর থানা এলাকার ঘটনা। ঘটনাস্থল থেকে প্রচুর বারুদ, স্টোন চিপ সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতেরা হলো নজরুল মোল্লা ও রাজু মোল্লা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর চালতাবেড়িয়া এলাকায় একদল দুষ্কৃতী গোপনে বোমা বাঁধার কাজ চালাচ্ছিল। সম্প্রতি সেই খবর জানতে পারে কাশীপুর থানার পুলিশ। খবর পাওয়া মাত্রই দুষ্কৃতীদের হাতেনাতে গ্রেফতার করতে এলাকায় অভিযান চালায় পুলিশ। কিন্তু বেশ কয়েকবার অভিযান চালিয়েও দুষ্কৃতীদের নাগাল পাওয়া যায়নি। প্রতিবারেই পুলিশ আসার খবর পেয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
বুধবার সকালে এলাকার একটি কলা বাগানের ভিতর বোমা বাধার কাজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি নেমে পড়ে। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ হাতেনাতে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। ধৃত নজরুল মোল্লা ও রাজু মোল্লা দুজনেই উত্তর চালতাবেড়িয়া এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ২০ কেজি স্টোন চিপ, ১কেজি বারুদ বোমা তৈরির বহু সামগ্রী। ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ। কি উদ্দেশ্য নিয়ে ওই দুষ্কৃতীরা বোমা বানাচ্ছিল এবং কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment