বাড়ির উঠোনে বৃষ্টির জমা জল নিয়ে বিবাদের জেরে ভাসুরের হাতে খুন বৌমা
দি নিউজ লায়ন; বাড়ির উঠোনে বৃষ্টির জমা জল নিয়ে বিবাদের জেরে ভাসুরের হাতে খুন হলেন বৌমা। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার দোগাছিয়া কুমারগ্রাম এলাকায়। পুলিশ জানিয়েছে বাশ দিয়ে মাথায় আঘাতের ফলেই মৃত্যু হয়েছে ঐ গৃহবধুর।মৃতের নাম সাহিদা বিবি।ঘটনার পরেই মৃতের স্বামী পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছেন তার দাদা ইসমাইল মন্ডলের বিরুদ্ধে।পুলিশ জানিয়েছে ঘটনার পরেই পলাতক অভিযুক্ত। তার খোজে তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা গেছে অশোকনগর থানার দোগাছিয়ার কুমারগ্রামে দুই ভাই ইসমাইল মন্ডল এবং ইব্রাহিম মন্ডলের পাশাপাশি ঘর। এদিন দুপুর থেকে বেশ কিছুক্ষন ধরে বৃষ্টি হওয়ার ফলে তাদের উঠোনে জল জমে গিয়েছিল।এক ভাইয়ের উঠোনের জমা জল অন্য ভাইয়ের উঠোনে যাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বিবাদ।কথা কাটাকাটি থেকে হাতাহাতিও হয়।দুই ভাইয়ের বিবাদে তাদের স্ত্রীরাও শরিক হন।পুলিশ জানিয়েছে বিবাদের মধ্যেই ভাসুর ইসমাইল মন্ডল আচমকাই বাশ দিয়ে মাথায় আঘাত করেন তার ভাইয়ের বৌ সাহিদা বিবিকে। মাথায় আঘাত নিয়ে মাটিতেই লুটিয়ে পড়েন। গুরুতর জখম অবস্থায় সাহিদা বিবিকে নিয়ে আসা হয় হাসপাতালে।সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। অশোকনগর থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযুক্ত পলাতক।
Post a Comment