একাধিক বিয়ে করে স্ত্রীদের উপর নির্যাতন চালানোর অভিযোগে গ্রেপ্তার এক যুবক - The News Lion

একাধিক বিয়ে করে স্ত্রীদের উপর নির্যাতন চালানোর অভিযোগে গ্রেপ্তার এক যুবক

 


দি নিউজ লায়ন;  একাধিক বিয়ে করে স্ত্রীদের উপর নির্যাতন চালানোর অভিযোগে এক যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে শক্তিগড় থানা এলাকায়। ধৃতের নাম লক্ষ্মণ দাস ওরফে অজয় সিং। বর্ধমান শহরের সদরঘাট এলাকায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, ২০১৭ সালে শক্তিগড় থানার শিলেপাড়ার মাম্পি জানাকে প্রেমের জালে ফাঁসায় লক্ষ্মণ। পরে সর্বমঙ্গলা মন্দিরে তাঁকে বিয়ে করে সে। বিয়ের বছর দু’য়েক পর স্বামীর পরকীয়ায় জড়িয়ে পড়ার বিষয়ে জানতে পারেন মাম্পি। 


এনিয়ে প্রতিবাদ করায় তাঁর উপর নির্যাতন শুরু হয়। অত্যাচার দিন দিন বাড়তে থাকে। রবিবার সন্ধ্যায় মাম্পিকে লক্ষ্মণ ও তার দ্বিতীয় স্ত্রী মারধর করে। এরপরই শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেন মাম্পি। অন্যদিকে, শক্তিগড় থানার আমড়ার বাসিন্দা বিউটি মালিক অভিযোগ করেন, গতবছর নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক পাতায় লক্ষ্মণ। কিছুদিন পর তাঁকে বিয়ে করে সে।


 বিয়ের কিছুদিন পর থেকে সে অত্যাচার শুরু করে। বর্তমানে বিউটি ২ মাসের অন্তসত্বা। রবিবার রাতে লক্ষ্মণ তাঁকে মারধর করে ঘর থেকে বেরিয়ে যায়। সদরঘাটে এসে তাঁকে ফের মারধর করা হয়। সেখানে এসে তিনি জানতে পারেন, লক্ষ্মণ আরও কয়েকজনকে এভাবে বিয়ে করেছে। রাতেই তিনি শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেন। 


এরপর মঙ্গলবার রাতে শক্তিগড় থানার আমড়া বাজার থেকে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার বিষয়ে দুই মহিলা পৃথক অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে দু’টি মামলা রুজু হয়েছে। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২ জুন ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.