শ্মশান থেকে মৃতদের জামাকাপড় চুরি করে বিক্রির অপরাধে গ্রেফতার ৭
দি নিউজ লায়ন; শ্মশান থেকে মৃতদেহের কাপড়, চাদর প্রভৃতি জিনিস চুরি করে বাজারে বিক্রির অপরাধে ৭ জন চোরকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি উত্তরপ্রদেশের ভাগপাত অঞ্চলের।
পুলিশ সূত্রে খবর, ধৃতেরা শ্মশান বা সমাধিস্থলে মানুষের ভিড়ে মিশে গিয়ে মৃতদের ফেলে দেওয়া কাপড়, সাদা থান, বিছানার চাদর সহ অন্যান্য জামাকাপড় চুরি করত। এরপর সেগুলি ভালো করে ধুয়ে পরিস্কার পরিছন্ন করে ‘গোয়ালিয়র কোম্পানির’ লেবেল লাগিয়ে বিক্রি করে দিত।
শুধু তাই নয়, এই কাজের জন্য শশ্মানের পাশে থাকা দোকানদারদের সঙ্গে তাদের চুক্তিও থাকত। কাজ বাবদ প্রতিদিন তারা ৩০০ টাকা মজুরিও পেত। এদিকে স্থানীয় মানুষজনের অভিযোগের ভিত্তিতে রবিবার পুলিশ ধৃত ওই সাতজনকে হাতেনাতে ধরেন। অভিযুক্তদের কাছ থেকে ৫০০ টি বিছানার চাদর, ১২৭ টি কুর্তা এবং ৫২ টি সাদা থান বাজেয়াপ্ত করেছেন পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অভিযুক্ত ওই ৭ জন চোরও করোনা সংক্রমিত হয়ে থাকতে পারে। এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছেন, ধৃত ৭ জনের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। আর এই পেশার তারা নতুন নয়। বিগত ১০ বছর ধরে এই কাজ করে যাচ্ছে।

Post a Comment