কবে থেকে চালু হবে 'দুয়ারে ত্রাণ' পরিষেবা, কি বললেন মমতা
দি নিউজ লায়ন; প্রাথমিক হিসেব অনুযায়ী ইয়াসে ক্ষতি হয়েছে ১৫ হাজার কোটি টাকার। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব উঠে আসবে ফিল্ড সার্ভে থেকে। আজ নবান্ন থেকে ইয়াস-এর ক্ষয়ক্ষতির হিসেব নেওয়ার জন্য ৩ জুন থেকে দুয়ারে ত্রাণ কর্মসূচি চালু করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
আমপানে সময়ে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে প্রবল হইচই হয়েছিল রাজ্য়ে। সেই অস্বস্তিকর পরিস্থিতি আর যাতে না হয় তার জন্য ইয়াসে ক্ষতিগ্রস্তদের কাছে থেকে সরাসরি ক্ষতির খতিয়ান নেবেন সরকারি অফিসাররা। ক্ষতিপূরণের টাকা যাবে সরাসরি ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবার কারও কথায় ত্রাণ বন্টন হবে না। যেমন দুয়ারে সরকার-এর সময়ে সরকারি অফিসাররা এলাকায় গিয়েছিলেন সেইভাবে এবারও যাবেন। যার বাড়ির ক্ষতি হয়েছে তিনি একটি আবেদনপত্র লিখে অ্যাপ্লিকেশন বক্সে ফেলে দিয়ে আসবেন। বা হাতেও দিতে পারেন।
মমতা বলেন,যাদের চাষের জমি বা ফসলের ক্ষতি বা বাড়ির ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণের আবেদন করবেন। নিজের আবেদন নিজেই করুন। ফলে কেউ বলতে পারবে না কেউ আমার জন্য করল না। আগামী ৩ জুন থেকে ১৮ জুন পর্যন্ত গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে চলবে দুয়ারে ত্রাণ প্রকল্প। তারপর ওইসব অ্যাপ্লিকেশন খুঁটিয়ে দেখাতে ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সময় নেওয়া হবে। এরপর ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত ত্রাণের টাকা ঢুকে যাবে।

Post a Comment