শীতলকুচিতে আট জনকে গুলি করা উচিত ছিলো, বিতর্কিত মন্তব্য রাহুল সিনহার - The News Lion

শীতলকুচিতে আট জনকে গুলি করা উচিত ছিলো, বিতর্কিত মন্তব্য রাহুল সিনহার

 


দি নিউজ লায়ন;    দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুর পর এবারে শীতলকুচি নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা এবারে উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তিনি বলেছেন, শীতলকুচিতে চার জন নয়, আট জনকে গুলি করা উচিত ছিলো। মূলত, পরোক্ষভাবে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোকে সমর্থন করেছেন রাহুল সিনহা। তিনি বলেন,  কেন কেন্দ্রীয় বাহিনী সেটা করে দেখালো না তারজন্য শোকজ করা উচিত তাদের। রাহুল সিনহা বলেন, জঙ্গলরাজ, গুন্ডারাজ কায়েম করলে বারবার কেন্দ্রীয় বাহিনী জবাব দেবে। মানুষের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করতে গেলে এমনই পরিণতি হবে বলেও দাবি করেন রাহুল সিনহা।


শীতলকুচি কান্ড নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ক্রমশ চড়ছে। এদিকে  শীতলকুচির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ভোট প্রচারের মঞ্চ থেকে  মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিকেই দায়ী করেছেন। এদিকে রাহুল সিনহার মন্তব্যের পরেই পালটা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, ক্রমশ রক্তলোভী হয়ে উঠেছে বিজেপি। বুলেট দিয়ে বাংলা দখল করতে চাইছে তারা। এর জবাব বাংলায় পরবর্তী দফাগুলির নির্বাচনেই মানুষ দিয়ে দেবেন বলেও জানান তিনি।


এদিকে রাহুল সিনহার মন্তব্যের পরেই হাবড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, হিম্মত থাকলে রাহুল সিনহা বারাসতের রাস্তায় মাইক নিয়ে একথা বলুন। তার জবাব দেবে মানুষ। জ্যোতিপ্রিয় বলেন,  হাবড়া কেন্দ্র থেকে এবারে ৫০ হাজারের বেশী ভোটে গোল দিয়ে বাড়ি পাঠানো হবে রাহুল সিনহাকে। তিনি দাবি করেন, অবিলম্বে বিজেপি দলটাকে নিষিদ্ধ করা উচিত নির্বাচন কমিশনের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.