মহাবীরের জীবনী
দি নিউজ লায়ন; জৈনধর্ম ও দর্শনের প্রতিষ্ঠাতা। তিনি আনুমানিক ৫৯৯ খ্রিস্টপূর্বাব্দে বর্তমান ভারতের বিহার প্রদেশের পটনার কাছে ক্ষত্রিয়কুণ্ড গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সিদ্ধার্থ, মাতার নাম ত্রিশালা বা প্রিয়কারিণী এবং স্ত্রীর নাম যশোধা। খ্রিস্টপূর্ব যুগে প্রাচীন ভারতে যে ক’টি নাস্তিক মতে উদ্ভব হয়েছিল তার মধ্যে জৈন ধর্মটি অন্যতম। জৈন ধর্মটির প্রাথমিক ধারণা যদিও অনেক প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে প্রচলিত ছিল প্রকৃত প্রস্তাবে বর্ধমান মহাবীরই ছিলেন জৈনধর্মের মূল স্থপতি। তিনি যদি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জৈনধর্মকে সংগঠিত না করতেন, তা হলে হয়তো জীবন ও জগৎ সম্বন্ধে প্রাচীন জৈন সাধুদের দার্শনিক মতামতটি চিরকালের মতো হারিয়ে যেত। মহাবীরের ঔদার্য এই যে; তিনি যথেষ্ট মেধা ও মৌলিক চিন্তার অধিকারী হওয়া সত্ত্বেও নতুন ধর্ম প্রচার করেননি; বরং, ২৩ জন প্রাচীন সাধুর অহিংস দর্শনই জীবনভর প্রচার করে গিয়েছেন জগতের অহিংস মতের জন্মভূমি প্রাচীন ভারতবর্ষে।
সুপ্রাচীন কাল থেকেই প্রাচীন ভারতে তেইশ জন সাধু মোক্ষলাভের উপায় সম্বন্ধে প্রায় অভিন্ন এক অহিংস মতবাদ প্রচার করে আসছিলেন। এরা হলেন ঋষভ, অজিত, সম্ভব, অভিনন্দন সুমতি, পদ্মপ্রভু, সুস্পর্শবন্ত, চন্দ্রপ্রভু, সুবিধি, শীতল, অংশ, বসুপূজ্য, বিমল, অনন্ত, ধর্ম, শান্তি কুন্থ, আরা, মল্লি, মুনিসুব্রত, নামি, নেমি এবং পার্শ্বনাথ। এই ২৩ জন প্রাচীন আচার্যকে বলা হয় তীর্থঙ্কর। তীর্থঙ্করের এক অর্থ-যে জলস্রোত পাড়ি দেয়। মানে, যে মোক্ষের দিকে যায়। তীর্থঙ্কর শব্দটির অন্য এক মানে হলো পবিত্র সাধু।
জৈনদের বিশ্বাস এই যে, জৈনধর্মটি ২৪ জন তীর্থঙ্করের জীবন দর্শনের ওপর দাঁড়িয়ে রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পার্শ্বনাথ ও মহাবীর। বাকিরা নাকি ঐতিহাসিক ব্যক্তি নন, সব কাল্পনিক চরিত্র! জৈনধর্মের ২৪তম তীর্থঙ্কর হলেন মহাবীর। তার পরে আর তীর্থঙ্কর আসেননি। কাজেই মহাবীরই জৈনধর্মের সর্বশেষ তীর্থঙ্কর। কাজেই, জৈন কারা এই প্রশ্নটির উত্তর জানতে হলে আমাদের মহাবীরের জীবনের দিকে ফিরে তাকাতে হবে।
প্রাচীন ভারতের বৈশালী নামে একটি রাজ্য ছিল। বৈশালী জায়গাটি বর্তমান বিহারে। সেই বৈশালী রাজ্যে ছিল কুণ্ড নামে একটি গ্রাম। সেই কুন্ডগ্রামেই মহাবীরের জন্ম। সময়টা ৫৯৯ খ্রিস্টপূর্ব। মহাবীরের মায়ের নাম ছিল ত্রিশলা। ত্রিশলা ছিলেন জ্ঞাতৃক জনগোষ্ঠীর রানী। কেননা, মহাবীরের বাবা সিদ্ধার্থ ছিলেন জ্ঞাতৃক জনগোষ্ঠীর রাজা। এরা ছিলেন জাতে ক্ষত্রিয়; গোত্রে নট। মহাবীরের এক মামা ছিলেন; নাম চেটক। চেটক ছিলেন বৃজি জনগোষ্ঠীর প্রধান। কাজেই, সোনার চামচ মুখে নিয়েই জন্মেছিলেন মহাবীর। জন্মের পরই ত্রিশলা ছেলের নাম রাখলেন মহাবীর।
ইচ্ছে, ছেলে বীরের মতন জীবনযাপন করবে। ত্রিশলার সেই ইচ্ছে কালে কালে পূর্ণ হয়েছিল। তবে সে বীর ক্ষত্রিয় বীর নয় পরবর্তীকালে মহাবীর হয়ে উঠেছিলেন আধ্যাত্মিক যুদ্ধের মহৎ এক যোদ্ধা। ছেলের আরেকটি নামও রেখেছিলেন ত্রিশলা বর্ধমান। মানে-ক্রমবর্ধমান; মানে, যে যুগের চেয়ে এগিয়ে। তাই কিন্তু হয়েছিল। মহাবীর ছিলেন যুগের চেয়ে এগিয়ে। যা হোক। বালক বয়স থেকেই বর্ধমান যেন কেমন। গম্ভীর, চুপচাপ-সারাক্ষণ কী যেন ভাবছে। তো, সে সময় বর্ষাকালে খুব বৃষ্টি হতো বৈশালীতে একালের মতোই। বৃষ্টিভেজা দিনের অন্ধকার ঘরে বসে বালক বর্ধমান কত কী যে ভাবত। ভাবত কে আমি? আমি কোত্থেকে এলাম? আমি যেখানে আছি-কী এটা? এই ঘর, এই অন্ধকার, এই বৃষ্টি, ওই নিমের ডালের বৃষ্টিভেজা কাক; এই কুন্ডগ্রাম।
আমি এখানে কী করব? আমার কী করা উচিত? এসব ভেবে ভেবে বালক বর্ধমান হয়ে উঠত অস্থির। আর ওর মনও খারাপ হয়ে যেত প্রায়ই। প্রাচীন ভারতের নানা জনপদে মহাবীরের নাম ছড়াল। লোকেরা তার কাছে ভিড় করল। মুক্তির উপায় জানতে চাইল। তিনি বললেন, জন্মই আমাদের আজন্ম পাপ। কাজেই আমাদের লক্ষ্য হওয়া উচিত কীভাবে জন্মের চক্র থেকে মুক্তি পাওয়া যায়। কী করে দুঃখযন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। দুঃখযন্ত্রণা থেকে মুক্তি পাওয়াকে বলে নির্বাণ। মনে রাখবে নিগণ্ঠ জৈনদের মূলকথা হলো অহিংসা, সত্যবাদিতা, অপহরণ না করা, ব্রহ্মচর্য পালন ও অপরিগ্রহ, মানে কারো ওপর নির্ভরশীল না থাকা। আর তোমরা সুন্দর হও। শরৎকালের জলের মতন নির্মল হও।

Post a Comment