মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলার মন্তব্যের পরিপেক্ষিতে কি বললেন অমিত শাহ
দি নিউজ লায়নঃ কোচবিহারের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিদান দিয়েছিলেন,'সিআরপিএফ যদি গন্ডগোল করে তাহলে বাড়ির মেয়েদের একটা দল ওদের ঘেরাও করে রাখবেন। আর একটা দল যাবে ভোট দিতে।' আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস ধরিয়েছে নির্বাচন কমিশন। এনিয়ে কলকাতায় সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্য হতাশার বহিঃপ্রকাশ বলে মনে হচ্ছে। 'বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় মমতা। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এমন মন্তব্য শুনিনি। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলার নির্দেশ দিচ্ছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা দলের সুপ্রিমো।
এমন কথা আমার রাজনৈতিক জীবনে বেনজির। প্রতিবারের মতো রিগিং করে জিততে চাইছেন।' এরই সঙ্গে স্মরণ করিয়ে দিলেন, অমিত শাহের নির্দেশে বাহিনী চলছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোটের সময় স্বরাষ্ট্রমন্ত্রকে অধীনে থাকে না বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলে। এ দিন নোটিস পাওয়ার পর জামালপুরের সভায় তিনি বলেন,'সিআরপিএফ, সিআইএসএফ নিয়ে ততক্ষণ বলব, যতক্ষণ তারা বিজেপি করবে। তারা বিজেপি না করলে আমি স্যালুট করব। মনে রাখবেন জওয়ানদের সম্মান করি। কিন্তু অমিত শাহের নির্দেশে এরা কাজ করছে।' মমতার এই অভিযোগ নস্যাৎ করলেন শাহ। তাঁর কথায়,'উনি অভিযোগ করছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে চলছে বাহিনী। বলে দিই, নির্বাচনের সময় আধা সমারিক বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণে থাকে না। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী চলে।'

Post a Comment