জেলাশাসকের তৎপরতায় ১২ বছর পর ঘরে ফিরল শাসনের ৬৫টি পরিবার
দি নিউজ লায়ন; জেলাশাসকের তৎপরতায় ১২ বছর পর ঘরে ফিরল শাসনের ৬৫টি পরিবার। রাজনৈতিক হিংসার কারণেই একদিন এরা ঘর ছাড়া হয়েছিল। তবে এবার জেলাশাসকের তৎপরতায় ঘরে ফিরল শাসনের ৬৫টি পরিবার। বাম আমলের শেষ বেলায় শাসনের প্রায় ১৫০ পরিবার ঘরছাড়া হয়েছিল। স্থানীয় সরদারহাটি, নওদা, খামারপাড়া ও পাকদহ গ্রাম থেকে রাজনৈতিক কারণে ওই পরিবারগুলোকে গ্রামছাড়া হতে হয়েছিল। নির্বাচন কমিশনের নির্দেশে তাদের মধ্যে ৬৫ টি পরিবার ঘরে ফিরল।
২০০৯ সালে লোকসভা নির্বাচনের পর সিপিএম সমর্থক ৬৫ টি পরিবারকে রাতারাতি ভিটেমাটি ছেড়ে পালাতে হয়। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর শাসনের আরও ৮৫ টি পরিবার ঘর ছাড়া হয়। ঘরছাড়া ওই পরিবারগুলো মূলত বারাসত, দেগঙ্গা, বিধাননগর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় ঘরভাড়া করে থাকত। কোনও কোনও পরিবার আশ্রয় নিয়েছিল আত্মীয়-স্বজনের বাড়িতে। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটি নির্বাচন। কিন্তু ঘরছাড়া ওই দেড়শো পরিবার আর গ্রামে ঢুকতে পারেনি।
সম্প্রতি হাড়োয়ার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন। দলমত নির্বিশেষে তিনি ঘরছাড়াদের ঘরে ফেরানোর আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে উত্তর ২৪ পরগনার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সুমিত গুপ্তা ঘরছাড়াদের ঘরে ফেরানোর উদ্যোগ নেন। শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় ঘরছাড়া ৬৫ টি পরিবার গ্রামে ফিরে আসে।
Post a Comment