শীতলকুচীর ঘটনায় প্রতিবাদের পথে তৃণমূল - The News Lion

শীতলকুচীর ঘটনায় প্রতিবাদের পথে তৃণমূল

 


দি নিউজ লায়ন;    শনিবার চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচীতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ছোড়া গুলিতে ৪ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এই অভিযোগে রবিবার হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক জায়গায় প্রতিবাদের পথে হাঁটল তৃণমূলের নেতা থেকে কর্মী সমর্থকরা।


এদিন আমতার চন্দ্রপুর ফাড়ির অদূরে কালো পতাকা এবং বিভিন্ন পোস্টার নিয়ে অবস্থান বিক্ষোভ সামিল হয় তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। এদিনের এই অবস্থান থেকে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করা হয়।


অন্যদিকে এদিন বিকেলে শীতলকুচীর ঘটনার প্রতিবাদে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার মহেশপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়ে বিরশিবপুর স্টেশন পর্যন্ত যায়। এদিনের এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায়, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়।


অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে বাগনান কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাগনান শহরে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। কালো ব্যাজ পড়ে এই মিছিলের নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা বাগনান কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরুণাভ সেন।


 শীতলকুচীর ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে উদয়নারায়নপুরের রানী রায় বাঘিনি স্মৃতি পর্যটন কেন্দ্রে নীরবতা পালনের পাশাপাশি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা উদয়নারায়ণপুরের তৃণমূল প্রার্থী সমীর পাঁজা।


একই ঘটনার প্রতিবাদে রবিবার আমতায় প্রতিবাদ মিছিল বের করে উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেস। এদিনের এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী তথা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ নির্মল মাজি।


শীতলকুচীর ঘটনার প্রতিবাদে জয়পুর মোড়ে অবস্থান-বিক্ষোভ করে আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেস। এদিনের এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা আমতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুকান্ত পাল।


অপরদিকে গুলি চালানো ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে শ্যামপুর ও পাঁচলায় প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল কংগ্রেস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.