করোনা কেড়ে নিলো খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহাকে
দি নিউজ লায়ন ; করোনায় প্রাণ গেলো উত্তর ২৪ পরগণা জেলার খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহার। রবিবার সকালে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এবারই প্রথম তৃণমূল কংগ্রেসের হয়ে খড়দহ বিধানসভা থেকে প্রার্থী হয়েছিলেন এলাকার দাপুটে এই তৃণমূল নেতা।
কাজল সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট বার্তায় শোক প্রকাশ করে লেখেন, খুব, খুব দুঃখজনক ঘটনা। আমি স্তম্ভিত। খড়দহে আমাদের প্রার্থী কাজল সিনহা প্রয়াত হলেন করোনায়। উনি নিজের জীবনকে মানুষের সেবার কাজে নিয়োজিত করেছিলেন। দলের হয়ে মানুষের কাছে নিরন্তর প্রচার করে গিয়েছেন তিনি। আমরা ওঁর অভাব বোধ করবো। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো।
প্রয়াত কাজল সিনহার পরিবার সুত্রে জানা গিয়েছে, গত বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন কাজল সিনহা। গত বুধবার তাঁর করোনা পরীক্ষার ফল বের হতে জানা যায়, তিনি করোনা আক্রান্ত হয়েছেন। এরপরেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই এদিন সকালে মারা যান তিনি।

Post a Comment