প্রার্থী না হতে চাপ দিচ্ছে দলের একাংশ, আত্মহত্যার হুমকি গলসির বিজেপি প্রার্থীর
দি নিউজ লায়ন; বিজেপির আদি নব্যের দ্বন্দ্ব ক্রমশ জোরদার হচ্ছে পূর্ব বর্ধমানে। আদি বনাম নব্যের দ্বন্দ্বে জেলা পার্টি অফিস ভাঙ্গচুরেরও ঘটনা ঘটে। এরপর প্রার্থী নিয়ে অসন্তোষও প্রকাশ্যে এসেছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গলসি সংরক্ষিত আসনে প্রার্থী হিসাবে তপন বাগদির নাম ঘোষণা করেছে। তাঁর নামে দেওয়াল লিখনও হয়ে গিয়েছে। প্রচারও চলছে জোর কদমে। এরই মধ্যে তাঁকে না দাঁড়ানোর জন্য দলের জেলা নেতৃত্ব চাপ দিচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপি প্রার্থী।
পুরানো একটি শ্লীলতাহানির মামলার কথা বলে নির্বাচনে লড়তে তাঁকে মানা করা হচ্ছে। দল তাঁকে প্রার্থী না করলে জেলা পার্টি অফিসে আত্মহত্যার হুমকি দিলেন গলসীর এই বিজেপি প্রার্থী। সোমবার তিনি মনোনয়ন জমা দেবেন। দল প্রার্থী না করলেও তিনি নির্বাচনে লড়বেন বলে হুমকি দিলেন তপনবাবু। দলের জেলা ও রাজ্য নেতৃত্বের আচরণে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, আমাকে তৃণমূলের দায়ের করা মিথ্যা মামলার কথা তুলে ধরে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হচ্ছে।
এর পিছনে দলের কয়েকজনের চক্রান্ত রয়েছে বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে বিজেপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায় নি। শনিবার বর্ধমান প্রেস কর্ণারে সাংবাদিকদের কাছে তপনবাবু বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। শাসকদলের বিরোধিতা করার জন্য তৃণমূল নেতার অঙ্গুলি হেলনে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। সেই মামলার কথা তুলে ধরে আমাকে প্রার্থী না হওয়ার জন্য দলের একটি অংশ চাপ দিচ্ছে। শুক্রবার দলের জেলা কার্যালয়ে ডেকে পাঠিয়ে জেলা সভাপতি এবং সংসদ সদস্য সুরিন্দর সিং অহলুবালিয়া আমাকে প্রার্থী না হওয়ার জন্য চাপ দেন।
আমি তাঁদের কাছে মিথ্যা মামলার বিষয়টি তুলে ধরি। তা সত্বেও তাঁরা আমাকে নির্বাচনে না লড়ার জন্য বলেন। আমি আির্থকভাবে পিছিয়ে পড়া শ্রেণির মানুষ। আমার তেমন অর্থবল নেই। তাছাড়া, আমি অনগ্রসর শ্রেণির মানুষ। আমার মতো অনেকের বিরুদ্ধেই মামলা রয়েছে। অথচ, তাঁরা দিব্যি প্রার্থী হচ্ছেন। আর আমার ক্ষেত্রে অন্যরকম বলা হচ্ছে। এর পিছনে দলের কয়েকজনের হাত রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব আমার নাম ঘোষণা করেছে।
সেইমতো মনোনয়ন পেশ করব। দল প্রার্থী না করলে জেলা পার্টি অফিসে আত্মহত্যা করব। আমার সঙ্গে বহু পিছিয়ে পড়া মানুষের সমর্থন রয়েছে। সাংসদের কোনো বক্তব্য পাওয়া যায় নি। এদিকে বিজেপি প্রার্থীর আত্মহত্যার হুমকি নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এমনিতেই জেলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপক আকার নিয়েছে। দলের আদিরা বিভিন্ন জায়গায় গোঁজ হিসাবে দাঁড়াচ্ছেন।

Post a Comment