শান্তিপুরে বিজেপির বিরুদ্ধে দাঁড়ালেন ভারতীয় জনসংঘ নির্দল প্রার্থী - The News Lion

শান্তিপুরে বিজেপির বিরুদ্ধে দাঁড়ালেন ভারতীয় জনসংঘ নির্দল প্রার্থী

 


দি নিউজ লায়নঃ  বিজেপিতে প্রার্থীপদ না পেয়ে ভারতীয় জনসংঘ সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে শান্তিপুর বিধানসভায় মনোনয়নপত্র জমা দিলেন সুফল সরকার। ভারতীয় জনসংঘ-র প্রতিকে শান্তিপুর বিধানসভা এলাকায় প্রতিদ্বন্দিতা করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।


    শান্তিপুর বিধানসভা এলাকায় বিজেপির প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অজয় দে। সংযুক্ত মোর্চার পক্ষে জাতীয় কংগ্রেসের প্রার্থী ঋজু ঘোষাল। এরপর ভারতীয় জনসংঘ সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সুফল সরকার।


    নির্দল প্রার্থীর দাবি, শান্তিপুরের মানুষ জগন্নাথ সরকার ও অজয় দে কে চাইছেন না। সেই কারণে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই ভারতীয় জনসংঘের প্রার্থী হয়েছি। আমি মানুষের জন্য কাজ করি। যারা ন্যায় নীতি আদর্শের দিকে তাকিয়ে দল করে আমি তাদের জন্য কাজ করি। ওরা ওদের মত চলছে, আমরা আমাদের মতো চলছি। সেখানে কার ক্ষতি হবে, আর কার ভালো হবে সেটা তাদের দেখার বিষয়। তবে আমাদের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোচ্ছি।


    এ বিষয়ে শান্তিপুরের বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারের দাবি, নির্দল প্রার্থী দাঁড়ানোতে কোনও প্রভাব পড়বে না। অতীতে বেশ কয়েকটি নির্বাচনে তিনি দল বিরোধী কাজ করেছেন। তার  জনসমর্থন একেবারেই নেই।

    যদিও এই নির্দল প্রার্থী দেওয়া নিয়ে শান্তিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে কটাক্ষ করে বলেন, বিজেপি এমনিতেই বিশৃংখল দল। শান্তিপুরের মানুষ এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। তবে লাভ-ক্ষতির বিষয়ে সাধারণ মানুষই বলবেন এর শেষ কি হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.