এবার ডেবরার লড়াইয়ের ময়দানে প্রাক্তন ২ আইপিএস অফিসার
দি নিউজ লায়নঃ এবার ডেবরায় লড়াইয়ের ময়দানে প্রাক্তন ২ আইপিএস অফিসার। অন্যান্যবারের তুলনায় এবার প্রার্থী তালিকা বাছাইয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছে বিজেপি ও তৃণমূল দুই দলই। একদিকে যেমন তারকা প্রার্থী দিয়ে চমক তৈরির চেষ্টা করেছে তৃণমূল, অন্যদিকে তালিকায় রয়েছে পোড় খাওয়া রাজনীতিক থেকে দুঁদে প্রাক্তন অফিসার। সদ্য প্রকাশিত প্রার্থী তালিকায় তাই চোখ টেনেছে ডেবরা বিধানসভা কেন্দ্র। সেখানে লড়াই হবে দুই প্রাক্তন পুলিশ অফিসারের।
দুজনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য। একজন বর্তমানে, আরেক জন ছিলেন। কিন্তু এবার সেই দুজনই সম্মুখ সমরে। শুক্রবারই ডেবরা আসনে সদ্য ইস্তফা দেওয়া আইপিএস হুমায়ুন কবীরের নাম ঘোষণা করে তৃণমূল। আর আজ ওই আসন থেকেই প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের নাম ঘোষনা করেছেন বিজেপি।
গত লোকসভা নির্বাচনে ডেবরা আসনে কিছুটা এগিয়ে বিজেপি। ভারতী ঘোষ জেলায় রাজনীতিও করছেন বেশকিছু দিন। একসময় মমতার কাছের মানুষ ছিলেন ভারতী ঘোষ। জঙ্গলমহলে এক সময় তাঁকে মা বলেও সম্মোধন করতেন অনেকে। এলাকা চেনেন খুবই ভালো।
অন্যদিকে, প্রাক্তন আইপিএস অফিসার হলেও রাজনীতির ময়দানে একেবারে নতুন হুমায়ুন কবীর(Humayun Kabir)। ইস্তফা দেওয়ার আগে পর্যন্ত তিনি ছিলেন চন্দননগরের পুলিস কমিশনার। তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং ও লকেট চট্টোপাধ্যায়। এবার তিনিই তৃণমূলের প্রার্থী। নিজেকে দিদির দূত হিসাবে অভিহিত করেন।

Post a Comment