ভাইজানের সঙ্গে জোট করে বাম আদর্শ জলাঞ্জলি দিলেন কমরেডরা এই সিপিএমকে চিনি না, মজিদ মাস্টার - The News Lion

ভাইজানের সঙ্গে জোট করে বাম আদর্শ জলাঞ্জলি দিলেন কমরেডরা এই সিপিএমকে চিনি না, মজিদ মাস্টার

 


দি নিউজ লায়ন;      সিপিএমের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেড়েছেন বহুদিন। সিপিএমের তিনি আজ আর কেউ নন।  লাল পার্টির কর্মসূচী এখন আর নাড়া দেয়না তাঁকে। অখন্ড অবসরে এখন জীবন কাটে তাঁর। কৃষিকাজ আর পড়াশুনাই এখন নিত্যসঙ্গী তাঁর। তথাপি অন্তরের কোথাও যেন বামপন্থাকে সযতনে আগলে রেখে দিয়েছেন তিনি। আর সেই আজন্ম লালিত বামপন্থার দৃষ্টিকোণ থেকে ফের একবার রাজ্যের বামপন্থীদের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন  মজিদ মাস্টার। একটা সময়ে উত্তর ২৪ পরগনা জেলার শাসনের বেতাজ বাদশা ছিলেন এই মজিদ মাস্টার। শাসনের বুকে সিপিএমের শেষ কথা ছিলেন তিনি। শাসনের ভেড়ি থেকে জমি রাজনীতির সমস্তটাই হাতে ছিলো তাঁর।  তাঁর নির্দেশেই শাসনের বুকে বাঘে গরুতে একঘাটে জল খাওয়াতে পারতেন তিনি। 


কিন্ত আজ জমানা বদলে গিয়েছে। মুকুটহীন সম্রাট তিনি।  রাজ্যে পরিবর্তনের পর শাসনের বাড়িছাড়া হতে হয় তাঁকে। গণরোষের হাত থেকে জীবন বাঁচাতে  অন্তরালে থেকে দিন কাটিয়েছেন দীর্ঘদিন। সেই সময় বামপন্থীদের সেভাবে পাশে না পেয়ে একটা সময় দুঃখে, অভিমানে বামফ্রন্ট ছেড়ে দেন তিনি। ২০১৫ তে তিনি আর সিপিএমের সদস্যপদ নবীকরণ করেননি। একইসঙ্গে  দলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেড়েদেন তিনি। তারপর তৃণমূল নেতৃত্বের সহযোগিতায় শাসনে নিজের বাড়িতে ফিরে আসেন  মজিদ মাস্টার। আজ রাজনীতির হৈ হট্টগোল থেকে অনেকটাই দূরে তিনি। তবে রাজনৈতিক সচেতনতা থেকে বোধহয়  দূরে নেই তিনি। তাইতো একুশের বিধানসভা ভোটের আগে সিপিএম যখন আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট গড়ে ভোটের ময়দানে নেমেছে তখন অন্তরের বামপন্থা কোথাও যেন বিদ্রোহী করে তুলেছে মজিদ মাস্টারকে।


 তাইতো তিনি অকপটে বলতে পারেন, আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে হাত মিলিয়ে সিপিএম এখন আর বামপন্থী নেই। একরাশ দীর্ঘশ্বাস ছেড়ে একসময়ের আপাদমস্তক কমরেড মজিদ মাস্টার বলেন, সিপিএম আজ সমস্ত আদর্শ জলাঞ্জলি দিয়ে দিয়েছে। সিপিএম যখন আইএসএফের সঙ্গে হাত মেলাতে পারে, তাহলে তো তারা ভাজপার সঙ্গেও জোট করতে পারে। কারণ, দুটি দলের চরিত্রই তো এক। আমি অন্তত এই দুটি দলের মধ্যে কোনও পার্থক্য দেখি না। ফলে যারা আজ আইএসএফের সঙ্গে হাত মিলিয়েছে তারা  আর বামপন্থী নেই বলেই আমার বিশ্বাস।


 মজিদ মাস্টার বলেন, ১৯৭৯ সালে থেকে রাজনীতি করছি আমি। সেই সময় কংগ্রেসের সঙ্গে সিপিএমের পার্থক্য বুঝিয়েছিলেন আমাদের নেতারা। সেই নেতারা আজ আর নেই। কিন্ত সেই সময় তাঁদের কাছ থেকে সিপিএম আর কংগ্রেসের  পার্থক্য বুঝেই সিপিএম মনপ্রাণ সঁপেছিলাম। কিন্ত আজ বড়ো অবাক হই, সেই কংগ্রেসের সঙ্গেও জোট করেছে সিপিএম। ফলে আমি মনে করি সিপিএম আর বামপন্থী নেই। একুশের ভোটের আগে মূলত লাল মাটির কষ্টি পাথরে যাচাই করা একটা সময়ের দোর্দন্ড প্রতাপ সিপিএম নেতা মজিদ মাস্টারের এই মন্তব্য সিপিএমকে যে ফের একবার সমালোচনার মুখে তুলে আনবে তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.