পুলিশের লোগো ব্যবহার করে পুলিশের নামে ভুয়া ভোটার সমীক্ষা, উদ্ধার আরএসএস-এর নামেও
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের প্যাড এর আদলে, পুলিশের লোগো ব্যবহার করে ভুয়া ভোটার সমীক্ষা ছড়ানোর চেষ্টা। দ্বিতীয় দফার তালিকায় থাকা নারায়ণগড় ও চন্দ্রকোনা বিধানসভার আগাম সমীক্ষা প্রকাশ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। পুলিশের হাতে লাগলে ব্যবস্থা নেওয়ার পথে জেলা পুলিশ।
বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন-পুলিশের লোগো অপব্যবহার করে ভুয়া একটি সমীক্ষা প্রকাশ করা হয়েছে। এছাড়াও আরও অন্যরকম সমীক্ষায় প্রকাশ করার কাগজপত্র উদ্ধার হয়েছে।আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা কেন্দ্র এর আগাম ভোট সমীক্ষা প্রকাশ করা হয়েছে জেলা পুলিশের নাম করে। যেখানে দেখানো হয়েছে তৃণমূল অনেক ভোটে এগিয়ে থাকবে। হুবহু জেলা পুলিশের প্যাড এর আদলে ছাপিয়ে কম্পিউটার প্রিন্ট এই সমীক্ষা ছড়িয়েছে কেউ বা কারা। যা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে ভোটের একদিন আগেই।
অন্যদিকে জেলার চন্দ্রকোনা বিধানসভার আগাম ভোট সমীক্ষা প্রকাশ করা হয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ তথা আরএসএস এর একটি প্যাডে। সংগঠনের মেদিনীপুর শাখার পক্ষ থেকে আগাম ভোট সমীক্ষা প্রকাশ করে ছড়ানোর চেষ্টা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুই ক্ষেত্রেই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে।এই দুই ধরনের কাগজ পুলিশের হাতে আসার পর ,দুষ্কৃতীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন। তবে ওই প্রচার পত্র কারা বিলি করেছে তা জানার চেষ্টা করছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।তবে ওই প্রচার পত্র কে কেন্দ্র করে নারায়ণগড় ও চন্দ্রকোনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


Post a Comment