বর্ধমান আদালতের আইনজীবীদের সমর্থন চাইলেন তৃণমূল প্রার্থী খোকন দাস
দি নিউজ লায়নঃ বর্ধমান আদালতের আইনজীবীদের সমর্থন চাইলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাস। তিনি উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোটে আইনজীবীদের সমর্থন চাইলেন। মঙ্গলবার বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সভাকক্ষে তৃণমূল আইনজীবী সেলের তরফে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভার আয়োজন করা হয়। সভায় আইনজীবীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় উপস্থিত হয়ে তৃণমূল প্রার্থী আইনজীবীদের কাছে তাঁদের সমস্যার কথা জানতে চান। আইনজীবীরা তৃণমূল প্রার্থীকে তাঁর বক্তব্য জানাতে বলেন। খোকনবাবু বলেন, রাজ্য সরকার নানা উন্নয়নমূলক কাজ করেছে। বর্ধমান শহরেও নানা উন্নয়নমূলক কাজ হয়েছে।
আগামী দিনেও সরকার শহরে নানা উন্নয়নমূলক কাজ করবে। নির্বাচনে জিতলে শহরের যানজট সমস্যার সমাধান করার চেষ্টা করব। টোটো নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে। যাতে দু’টি শিফটে টোটো চালানো যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েতের টোটো যাতে শহরে না চলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। শহরের তিনকোনিয়া বাসস্ট্যান্ডকে নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে। শহরকে যাতে আরও সুন্দর করে সাজিয়ে তোলা যায় সে ব্যাপারে বেশকিছু পরিকল্পনা রয়েছে। শহরের দর্শনীয় স্থানগুলিকে আরও সুন্দর করে গড়ে তোলা হবে। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা সভায় বলেন, রাজ্য সরকার নানা উন্নয়নমূলক কাজ করেছে। খোকনবাবুও সব সময় আইনজীবীদের পাশে থেকেছেন।
আদালত চত্বরে আইনজীবীদের বসার ঘর তৈরির ব্যাপারে তাঁর সাহায্য পাওয়া গিয়েছে। এছাড়াও আইনজীবীদের জন্য ঠাণ্ডা পানীয় জলের ব্যবস্থাও তাঁর উদ্যোগেই হয়েছে। তৃণমূল প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি। তৃণমূল আইনজীবী সেলের অন্যতম নেতা আজিজুল হক মণ্ডলও সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল হিসাবে খোকনবাবু শহরের যেসব উন্নয়নমূলক কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরে তাঁকে জেতানোর আবেদন জানান তিনি। আইনজীবী উদয় শংকর কোনার বলেন, আইনজীবীদের যে কোনও সমস্যায় খোকনবাবু পাশে থেকেছেন। আইনজীবীদের সমর্থন তাঁর সঙ্গেই আছে।

Post a Comment