প্রার্থী পছন্দ নয় রাজেশ তাপসের পরিবারেরও, বিজেপির বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ - The News Lion

প্রার্থী পছন্দ নয় রাজেশ তাপসের পরিবারেরও, বিজেপির বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ

 


দি নিউজ লায়নঃ   বিজেপি প্রার্থী পছন্দ না হওয়ায় এবারে ক্ষোভ উগরে দিল ইসলামপুর দাড়িভিট ছাত্র তাপস ও রাজেশ এর পরিবারের লোক সহ দাড়িভিট এর বিজেপি কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পেশায় চিকিৎসক ডাঃ সৌম্যরুপ মন্ডলের নাম ঘোষণা হওয়ার পর শুক্রবার সকালে ইসলামপুর দাড়িভিট এলাকায় ক্ষিপ্ত হয়ে এলাকার বিজেপি সমর্থকেরা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় ও মন্ত্রী দেবশ্রী চৌধুরীর মুখে কালি মাখিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দলীয় কার্যালয় বন্ধ করে দেয়।

মৃত তাপস বর্মন এর মা মঞ্জু বর্মন জানিয়েছেন, বিজেপি ইসলামপুর বিধানসভা কেন্দ্রের সৌম্যরুপ মন্ডলকে প্রার্থী ঘোষণা করল কিন্তু তাদের সঙ্গে কোনো যোগাযোগই করেন নি তাকে তারা মেনে নিতে পারছেন না। সৌমরূপ মন্ডলকে নিয়ে তাদের পরিবারের লোকেদের ক্ষোভ হয়েছে। কারণ তাদের পরিবারে ছেলের মৃত্যুর পর সৌম্যরুপ মন্ডল একবারের জন্যও তাদের পরিবারের পাশে এসে দাঁড়ান নি। যিনি ডাক্তারি করতে ব্যস্ত থাকেন তিনি সাধারণ মানুষকে কিভাবে পরিষেবা দেবেন এই নিয়েও প্রশ্ন তুলেছে মৃত তাপস বর্মন এর মা মঞ্জু বর্মন।


অন্যদিকে রাজেশ সরকারের বাবা নীল কমল সরকার জানিয়েছেন, রাজেশ তাপসের স্মৃতি সমাধি করার সময় যখন বাধার সৃষ্টি হয়েছিল সেই সময়ও ইসলামপুরের বিজেপি নেতা সৌমরূপ মন্ডল বা রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী তাদের পরিবারের পাশে এসে দাঁড়াননি। ডক্টর সৌম্যরুপ মন্ডল দীর্ঘদিনের বিজেপি কর্মী হলেও তার কাছে এই ধরনের আশা করেনি তারা। প্রার্থী হওয়ার পরে মৃত রাজেশ তাপসের পরিবারের কাছে দেখা করতে আসলে দাড়িভিট কাণ্ডে মৃত দুই ছাত্রের পরিবার প্রার্থীর সাথে দেখা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। 


উল্লেখ্য, ২০১৮ সালের ২০শে সেপ্টেম্বর ইসলামপুরের দাঁড়িভিট উচ্চবিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এলাকার বাসিন্দা এবং দাঁড়িভিট উচ্চবিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের। এরপর কেটে গেছে প্রায় আড়াই বছর। সে সময় পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়েছে বলে দাবী করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে সিবিআই তদন্তের দাবীতে সড়ব হন মৃতদের পরিবার এমনকি বিজেপি নেতৃত্বও। সেইসঙ্গে ২০১৯-এর লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িভিট গ্রামে গিয়ে রাজেশ তাপসের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য দিয়ে প্রচার শুরু করেছিলেন বর্তমান রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। সেই সময় দেবশ্রীও কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এলে এবং তিনি সাংসদ হয়ে প্রথমেই রাজেশ তাপস মৃত্যু কান্ডে সিবিআই তদন্তের ব্যবস্থা করবেন বলে জানালেও পরে বিজয়ী হয়ে প্রটোকলের দোহাই দিয়ে চলেছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন রাজেশের বাবা নীলকমল সরকার। আর এবারে ইসলামপুর বিধানসভায় সৌমরূপ মন্ডলকে বিজেপি প্রার্থী করায় তাকে ঘিরে তীব্র ক্ষোভের উন্মেষ হয়েছে মৃত দুই ছাত্রের পরিবার সহ স্থানীয় বিজেপি সমর্থকদের মধ্যে। যদিও এই বিষয়ে প্রার্থী সৌমরূপ মন্ডল বা জেলা বিজেপির কোনো নেতৃত্ব কোনো মন্তব্য করেন নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.